অন্য পিতার ভূমিকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংধনুর দেশ দক্ষিণ আফ্রিকার মানুষের কাছে তিনি অবিসংবাদিত পিতা। অনেকে ব্যক্তি পর্যায়েও তাঁর পিতৃত্বসুলভ স্নেহের পরশ পেয়েছেন। সরকারি কর্মকর্তা মায়িহলোম শোয়েতে এমনই একজন।
মায়িহলোম শোয়েতের বাবা সাবেক ক্রীড়ামন্ত্রী স্টিভ শোওয়েতে ২০০২ সালে মারা যান। ম্যান্ডেলা তখন নিজে দায়িত্ব নেন মায়িহলোমের পড়াশোনার ব্যয়ভার বহনের। তিনি বলেন, তাতা (ম্যান্ডেলা) একজনকে আমার পড়াশোনার খরচ জোগানোর দায়িত্ব দিয়েছিলেন।
৩১ বছর বয়সী তরুণ মায়িহলোম এখন সরকারি উদ্যোগবিষয়ক মন্ত্রী মালুসি গিগাবার মুখপাত্র হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। ব্যবসায় প্রশাসনে স্নাতক হওয়ার নেপথ্যে বিশেষ অবদানের জন্য তিনি ম্যান্ডেলার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন।
এখানেই শেষ নয়, বিশ্বজুড়ে সম্মানিত সাবেক প্রেসিডেন্ট ম্যান্ডেলা একদিন তরুণ মায়িহলোমকে কাপড়চোপড় কিনতে নিয়ে যান এবং সেই কাজে পুরো একটি দিন ব্যয় করেন। সেই স্মরণীয় দিনের স্মৃতিচারণা করে মায়িহলোম বলেন, নেলসন ম্যান্ডেলার ব্যক্তিগত সহকারীর কাছ থেকে একদিন ডাক এল, তাতা আমাকে যেতে বলেছেন। তাঁর কেপটাউনের বাড়িতে যখন পৌঁছাই, তিনি আমাকে অবাক করে দিয়ে কেনাকাটায় নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। এরপর আমরা একসঙ্গে ক্যাভেনডিশ স্কয়ার বিপণিকেন্দ্রে যাই। মেইল অ্যান্ড গার্ডিয়ান।