
ঐতিহাসিক কাহিনি নিয়ে নির্মিত বাণিজ্যিক চলচ্চিত্রকে সে রকম গুরুত্ব দেওয়ার কিছু নেই। কিন্তু হলিউডের ব্রেভহার্ট ছবিটির শেষদিকে ঘাতকের খাঁড়ার নিচে শিরশ্ছেদের আগে মুমূর্ষু স্কটিশ বীর উইলিয়াম ওয়ালেসের ‘ফ্রি-ড-ম’ বলে চরাচর কাঁপানো চিৎকার এখনো কানে বাজে। স্কটল্যান্ডের গণভোটে ওয়ালেসের স্বপ্ন কি পূরণ হলো? আগের দিন লেখাটা তৈরি করতে হওয়ায় এখানে জবাবটা দেওয়া গেল না।
বলদর্পী আর কূটকৌশলী ইংলিশদের হাতে স্কটিশদের লাঞ্ছনা-বঞ্চনা আর শোষণের ইতিহাস দীর্ঘ। সেগুলো এখন ইতিহাস বইয়ের পাতার বিষয়। বহু বাধাবিঘ্ন পেরিয়ে, এই আমাদের কালে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল স্কটিশ পার্লামেন্ট। তার পর থেকে লন্ডন ওই পার্লামেন্টের হাতে স্কটল্যান্ডের শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা রক্ষার ক্ষমতা তুলে দিয়েছে। ২০১৬ সালে আরও ক্ষমতা হাতে পাওয়ার কথা স্কটিশদের। এর মধ্যে থাকবে আয়করের হার রদবদলের ক্ষেত্রে আরও বেশি স্বাধীনতা। তবে জনমত জরিপের ফলে দেখা গেছে, স্কটল্যান্ডের মানুষ চায় আরও বেশি ক্ষমতা হস্তান্তর করা হোক। শেষ পর্যন্ত এই মনোভাবই স্বাধীনতার দাবিকে প্রায় রাতারাতিই চমকে দেওয়ার মতো অবস্থানে নিয়ে এল।
ভোটের আগে আগে ওয়ালেস আর রবার্ট ব্রুসদের উত্তরাধিকারীদের গলা যতই চড়েছে, ততই দরাজ দিল হওয়ার চেষ্টা করেছে যুক্তরাজ্যপক্ষীয়রা। সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন মেলে ধরেন এ যাবৎকালের সবচেয়ে বড় তোফার ডালা। ব্রাউন প্রস্তাব করেন, স্কটিশরা ‘না’ ভোট দিলে করারোপসহ অভ্যন্তরীণ নীতিমালার যা বাকি আছে, তার সবই তাদের হাতে তুলে দেওয়া যায়। স্বয়ং প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনসহ জাতীয় শীর্ষ নেতারা আক্ষরিক অর্থেই মিনতি করেছেন ৩০০ বছরের পুরোনো সম্পর্ক ভেঙে বিচ্ছিন্ন না হতে।
এখন সবাই ‘যা চাও তা-ই দেব, তবু যুক্তরাজ্য ছেড়ে যেয়ো না’-এ ধরনের কাকুতিমিনতি করলেও যুক্তরাজ্যের অঙ্গীভূত ‘প্রদেশগুলোর’ হাতে স্বায়ত্তশাসন ছাড়ার ব্যাপারে অনেকেরই আপত্তি ছিল। স্কটিশদের পৃথক পার্লামেন্টের বিরোধিতা করেছেন অনেকেই। সাবেক প্রধানমন্ত্রী রক্ষণশীল নেতা জন মেজর তাঁদেরই একজন। এঁদের যুক্তি ছিল, অতিরিক্ত স্বশাসন বিচ্ছিন্নতাবাদের পথ দেখাবে। সিএনএেনর ক্রিস্টিনা আমানপুরের সঙ্গে আলাপচারিতায় ভোটের আগের দিন সে কথাই মনে করিয়ে দিলেন জন মেজর। ২৪ ঘণ্টার মধ্যে স্কটল্যান্ডের যুক্তরাজ্য থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি পাকাপাকি হয়ে যেতে পারে সে সম্ভাবনা মেনে নিতে পারছিলেন না মেজর। বললেন, শত শত বছর একত্রে থাকার পর পরের দিন সকালে উঠে ঘরের পাশের স্কটল্যান্ডকে বিদেশ হিসেবে দেখতে হবে, এটা অবাস্তব মনে হয়। স্বাধীনতার পক্ষে রাজনীতিকসহ যাঁরা কাজ করেছেন, তাঁরা এ বিচ্ছেদের তাৎপর্য ও পরিণতি উপলব্ধি করতে পারেননি বলেই সাবেক প্রধানমন্ত্রীর মূল্যায়ন।
যুক্তরাজ্যে অনেকেই মনে করেন, পর্যায়ক্রমিক ক্ষমতা হস্তান্তরের পরিণতি এটি। ইংল্যান্ডের ভোটাররা ‘প্রতিবেশী’ স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও ওয়েলসের ক্ষমতা অনেক দিন ধরেই ক্রমেই বেড়ে চললেও খুব একটা গা করেনি। ব্রিটিশ ইলেকশন স্টাডির তথ্য অনুযায়ী, ১৯৯৭ সাল থেকে স্কটল্যান্ডকে নতুন নতুন ক্ষমতা ছেড়ে দেওয়ার বিরোধীদের অনুপাত গড়ে ছিল মাত্র ১৭ শতাংশ। কখনোই তা ২৫ শতাংশ ছাড়ায়নি। অন্যদিকে ইংলিশরা ইংল্যান্ডের জন্য অন্যদের মতো আঞ্চলিক ভিত্তিতে ক্ষমতা চায়নি। কিন্তু তাদের সে স্বস্তির দিন ফুরিয়ে এসেছে। গণভোটের বিষয়টি স্কটিশদের প্রতি অন্যদের ঈর্ষাকাতর করে তুলেছে । স্কটল্যান্ডের মানুষ বিনা মূল্যে চিকিৎসা আর বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ পায়। এটা দেখে এই দুর্মূল্যের বাজারে ইংলিশদের খুশি হওয়ার কারণ নেই। এডিনবরা আর কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের চালানো ‘ইংল্যান্ডের ভবিষ্যৎ’ শীর্ষক এক জরিপে ইংরেজ ভোটারদের সে রকম মনোভাবই দেখা যায়। গত এপ্রিলের ওই জরিপে দেখা যায়, ইংলিশদের একটি বড় অংশ মনে করে, যুক্তরাজ্যের সঙ্গে রয়ে গেলে স্কটল্যান্ডের উচিত রাষ্ট্রীয় ব্যয়ের আরও কম অংশ পাওয়া।
প্রচারণার শেষ পর্যায়ে এসে স্বাধীনতার পক্ষে-বিপক্ষে স্কটল্যান্ডে হাড্ডাহাড্ডি লড়াই চলেছে। খোদ স্কটিশরাই দ্বিধাবিভক্ত, অনেকেই শেষ পর্যন্ত দ্বিধাগ্রস্ত! সব মিলিয়ে পরিস্থিতি যা, তাতে এটা নিশ্চিত যে ১৮ তারিখ স্কটিশরা ‘হ্যাঁ’, ‘না’ যাতেই সিল মারুক; যুক্তরাজ্য বলে পরিচিত দেশটি আর আগের মতো থাকবে না। বর্তমান রাষ্ট্রটি হবে আগের চেয়ে বেশি শিথিল আর এলোমেলো। এত দিন কেন্দ্রীয় ক্ষমতার অনেকখানি ছেড়ে দিয়েও যা কিনা খুব সমস্যায় পড়েনি। সম্ভাব্য তিক্ততার কথা মাথায় রেখেই সম্প্রতি এডিনবরায় একটি প্রভাবশালী চার্চের নেতারা ফল যা-ই হোক খুশিমনে মেনে নিতে আবেদন জানিয়েছেন স্কটিশসহ সবাইকে।