অন্য রকম কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজটা অন্য রকম। শিক্ষক ও শিক্ষার্থীদের ভাষার কোনো মিল নেই। এখানে প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্র নিরক্ষর নারীরা পড়াশোনা করেন। পড়াশোনা শেষে কোনো সনদ জোটে না তাঁদের। এর পরও তাঁদের অনেকে হয়ে ওঠেন প্রকৌশলী।এটি ভারতের মরুভূমিপ্রধান রাজস্থান রাজ্যের বেয়ারফুট (‘নগ্নপদ’) কলেজ। চার দশকে এই কলেজ থেকে হাজারো নারী শিক্ষা লাভ করেছেন। তাঁদের জীবন আমূল বদলে গেছে।রাজ্যের রাজধানী থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে তিলোনিয়া গ্রামে এই কলেজ অবস্থিত। এর ভবনগুলো গম্বুজ আকৃতির ও পরিবেশবান্ধব। কলেজে সৌরবিদ্যুৎ ব্যবহার করা হয়।কলেজে শিক্ষক আছেন ১২ জনের মতো। এখানে তাঁরা সৌরশক্তি-বিষয়ক প্রকৌশলবিদ্যা, দন্তবিদ্যা, কারিগরি, গণস্বাস্থ্যসহ নানা বিষয়ে পাঠদান করেন। শিক্ষার্থীরা সবাই নারী। বয়সের সীমা নেই। তাঁদের অনেকেই লিখতে-পড়তে জানেন না। এসেছেন দেশটির প্রত্যন্ত অঞ্চলের এমনকি সুদূর আফ্রিকার দেশ তাঞ্জানিয়ার হতদিরদ্র পরিবার থেকে, তাঁদের কেউ কেউ দাদির বয়সী। বয়সের কথা ভুলে গিয়ে তাঁরা মহানন্দে নানা বিষয়ে জ্ঞান লাভ করেন।সমাজসেবক সঞ্জিত ‘বাংকার’ রায় ১৯৭২ সালে বেয়ারফুট কলেজ প্রতিষ্ঠা করেন। কলেজটি ইতিমধ্যেই এমন সব নারীকে শিক্ষাদান করেছে, যাঁরা কোনো দিন প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেননি।মাগান কানওয়ার এই কলেজে সোলার ইঞ্জিনিয়ারিং পড়ান। এই নারী এখনো ভুলে যাননি, একবার তাঁর শ্বশুর বলেছিলেন, পড়াশোনার বৃথা চেষ্টা না করে বরং সেলাইকাজে আরও মনোযোগ দেওয়া উচিত।মাগান এএফপিকে বলেন, ‘কিন্তু আমি সন্তানের জন্ম দেওয়া আর ঘরকন্নার বাইরে কিছু একটা করতে চেয়েছিলাম। এই কলেজ আমার জীবনের উদ্দেশ্য পূরণে সুযোগ এনে দিয়েছে।’মাগান বলেন, এখানে পড়াশোনা শেষে নারীরা নানা বিষয়ে দক্ষ হয়ে ওঠেন। এর মধ্য দিয়ে তাঁরা স্বাধীনতা উপভোগ করেন। তাঁরা আয়রোজগার করতে পারেন। নিজেদের ও সন্তানদের ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করতে পারেন। মাসাম্বা হামিজ মাকামি (৪৭) তানজানিয়া থেকে এসেছেন। তাঁর স্বপ্ন নিজের গ্রামে গিয়ে সৌরশক্তি ব্যবহার করে নিজের ও প্রতিবেশীদের বাড়িতে আলো জ্বালাবেন। ঘরগুলোর অন্ধকার দূর করবেন তিনি। এই বিদ্যাই লাভ করছেন তিনি। ভারত সরকারের বৃত্তি নিয়ে এই কলেজে এসেছেন মাসাম্বা। ছয় মাস মেয়াদি সোলার ইঞ্জিনিয়ারিং প্রশিক্ষণ প্রকল্পে গত বছর আফ্রিকার ২৮ নারীকে বৃত্তি দেয় সরকার।কলেজে ভাষার বাধা দূর করতে নারীরা নানা চিহ্ন ব্যবহার করেন। সাংকেতিক ভাষায় পড়া বুঝে নেন।নারীর ক্ষমতায়নে অবদানের জন্য ২০১০ সালে টাইম সাময়িকীর সবচেয়ে ক্ষমতাধর ১০০ ব্যক্তির মধ্যে স্থান করে নেন বেয়ারফুট কলেজের প্রতিষ্ঠাতা সঞ্জিত রায়। তিনি বিশ্বাস করেন, অনগ্রসর এলাকার জীবনের মানোন্নয়নে নারীদের শিক্ষিত করে তোলার বিকল্প নেই। কলেজের জ্যেষ্ঠ সমন্বয়ক ভগবত নন্দন এএফপিকে বলেন, ‘আমরা কোনো সনদ দেই না। বরং হাতে কলমে কাজ শেখাই।’কলেজটি অবৈতনিক। এখানে ছয় থেকে নয় মাসের কোর্স রয়েছে। সরকার, বিভিন্ন বেসরকারি দাতা সংস্থা ও করপোরেট ফাউন্ডেশনের অনুদানে চলে এর কার্যক্রম। ইতিমধ্যে অন্তত ১০ হাজার নারী এই কলেজে প্রশিক্ষণ নিয়েছেন। এএফপি।