অন্য রকম প্রাসাদ
প্রাচীন স্থাপত্যের নিদর্শন সংরক্ষণে বিশ্বের বিভিন্ন দেশে যেমন নানা উদ্যোগ নেওয়া হয়, তেমনি এর বিপরীত ঘটনাও ঘটে। দেখা যায়, প্রাচীন কোনো সুরম্য ভবন ভেঙে গড়ে তোলা হচ্ছে আধুনিক স্থাপত্য রীতির কোনো ভবন। ফ্রান্সের এক গভীর বনে ঘটছে অন্য রকম এক ঘটনা। ওই বনে প্রাচীন কোনো স্থাপত্যের নিদর্শন রক্ষা করা হচ্ছে না, গড়ে তোলা হচ্ছে না আধুনিক কোনো ভবন। সেখানে মধ্যযুগীয় স্থাপত্য রীতিতে গড়ে তোলা হচ্ছে নতুন এক প্রাসাদ। মধ্যযুগে যেসব নির্মাণ উপকরণ ব্যবহূত হতো, এই প্রাসাদ নির্মাণেও এসব উপকরণ ব্যবহার করা হচ্ছে। নির্মাণকাজে ব্যবহূত হচ্ছে সে যুগের যন্ত্রপাতি। দ্য স্যাটেউ ডি গুয়েডেলন নামের এই প্রাসাদ নির্মাণের কাজ শুরু হয় ১৯৯৮ সালে। এর ছাদের একটি অংশ ছাড়া মূল মিলনায়তনসহ প্রায় পুরো কাজ শেষ হয়েছে। প্রাসাদের দেয়াল নির্মাণ করা হয়েছে লাল রঙের এক ধরনের বিশেষ পাথর দিয়ে। ভিত্তিতে ব্যবহার করা হয়েছে বেলেপাথর। প্রাসাদের মূল টাওয়ারের উচ্চতা ৫০ ফুট।আজকের নির্মাণকাজের মূল উপকরণ সিমেন্ট বা আধুনিক যন্ত্রপাতি ত্রয়োদশ শতাব্দীতে ছিল না। তাই গুয়েডেলনের নির্মাণকাজে এসব উপাদান ব্যবহার করা হয়নি। সিমেন্টের পরিবর্তে চুন ও বালুর মিশ্রণ দিয়েই নির্মাণকাজ চলছে। আর নির্মাণ যন্ত্র হিসেবে ওই সময়ে লোহা দিয়ে তৈরি বিভিন্ন যন্ত্রই ব্যবহার করা হচ্ছে। এই স্থাপত্য দেখতে প্রতিবছর হাজার হাজার পর্যটক আসবে বলে ধারণা করা হচ্ছে। শিক্ষার দিক থেকেও গুয়েডিলন বিশ্বজুড়ে সমাদৃত হবে। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যযুগীয় নির্মাণশৈলী অনুযায়ীই এই ভবনটি নির্মাণ করা হচ্ছে।এই ভবনের পাশেই সেন্ট ফার্গেউ ক্যাসেলের মালিক মিচেল গাইয়ত ১৯৯৬ সালে ব্যবসায়ী মেরিলিন মার্টিনের পরামর্শে এই প্রকল্প হাতে নেন। এই প্রাসাদ নির্মাণ প্রকল্পের আরেকটি লক্ষ্য স্থানীয় লোকজনের কর্মসংস্থান সৃষ্টি করা। এই জায়গা নির্বাচনের কারণ মধ্যযুগীয় নির্মাণশৈলীর জন্য প্রয়োজনীয় উপাদান আশপাশের এলাকা থেকে খুব সহজে সংগ্রহ করা সম্ভব। বিবিসি।