অন্য রকম ফ্যাশন শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটি ছিল এক অন্য রকম ফ্যাশন শো। এতে যেসব পোশাক প্রদর্শন করা হয়, তা প্রচলিত সুতা দিয়ে তৈরি নয়। বাতিল হয়ে যাওয়া প্লাস্টিকের ব্যাগ, চটের থলের হাতলসহ বিভিন্ন জিনিস থেকে আহরিত কাঁচামাল থেকে তৈরি। অকেজো জিনিসকে বিশেষ প্রক্রিয়ায় আবার কাজে লাগানোর মাধ্যমে এসব পোশাক তৈরি করা হয়েছে।এসব পোশাকের প্রদর্শনীতে যাঁরা অংশ নেন তাঁরাও শোবিজের কোনো মডেল নন, প্রত্যেকেই কারাবন্দী। তাঁদের হাতেই তৈরি হয়েছে এসব পোশাক। সম্প্রতি চীনের হেনান প্রদেশের জেনঝু নারী কারাগারে এই ফ্যাশন শোর আয়োজন করা হয়। এতে অংশ নেন ১২০ জন কারাবন্দী নারী। নিজেদের তৈরি বৈচিত্র্যময় রং ও ডিজাইনের পোশাক পরে ক্যাটওয়াক করেন নারী বন্দীরা। জীবন-ধারণের জন্য প্রয়োজনীয় বিভিন্ন কাজে কার্বন নির্গমন কমানো ও বর্জ্য পদার্থ প্রক্রিয়াজাত করে পুনরায় ব্যবহার-উপযোগী করাকে উৎসাহ দিতে এই ফ্যাশন শোর আয়োজন করা হয়। ওই কারাগারের বন্দী এবং এসব পোশাকের ডিজাইনার লি লি জানান, ফ্যাশন শোতে পরিত্যক্ত ব্যাগ ব্যবহার করে তৈরি আট ডিজাইনের রাতের পোশাক উপস্থাপন করা হয়। এ ছাড়া টয়লেট পেপার দিয়ে তৈরি দুই ধরনের বিয়ের পোশাক ও পরিত্যক্ত ব্যাগের হাতল দিয়ে তৈরি বৈচিত্র্যময় পোশাক তুলে ধরা হয়। তিনি জানান, এসব পোশাক তৈরির উপাদানের জন্য তাঁদের কোনো খরচ করতে হয়নি। কারাগারের কর্মকর্তা গু সিকিং বলেন, ফ্যাশন শোতে বন্দীদের দিয়েই তাদের তৈরি পোশাক উপস্থান করা হয়েছে। এর মাধ্যমে বন্দীদের মধ্যে এমন বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে, তাঁদের জীবন শেষ হয়ে যায়নি। বন্দীরা যে সৃজনশীল কাজ করতে পারেন, তাঁরা নিজেরাও সেটি জানতে পারলেন। এর মাধ্যমে বন্দীরা নিজেদের জীবনের প্রতি আস্থা ফিরে পেতে পারেন। অরেঞ্জ অনলাইন।