অন্যায্য আইনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দিলেন সু চি
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নোবেলজয়ী নেত্রী অং সান সু চি দেশের জান্তা সরকারের পাস করা নতুন পাঁচটি নির্বাচনী আইন প্রত্যাখ্যান করেছেন। তিনি ওই আইনের বৈধতা সরাসরি উড়িয়ে দিয়েছেন। নতুন পাস হওয়া ওই আইন প্রত্যাখ্যান করে তিনি বলেছেন, এসব লোক দেখানো ‘অন্যায্য’ আইন দিয়ে তাঁকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার ফন্দি এঁটেছে জান্তা। সামরিক সরকারের এ পদক্ষেপ তাঁকে বিস্মিত করেছে, কিন্তু তিনি তাতে ভড়কে যাননি। জান্তার এসব কাজ ভণ্ডুল করে দেওয়ার জন্য তিনি তাঁর নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।সু চির নেতৃত্বাধীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) মুখপাত্র নিয়ান উইন গতকাল শুক্রবার নেত্রীর বরাত দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। তবে জান্তা সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সু চি তাঁর কর্মী-সমর্থকদের ঠিক কোন পন্থায় বিক্ষোভ করার নির্দেশ দিয়েছেন, সে বিষয়ে নিয়ান এখনো মুখ খোলেননি।সামরিক সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী, আগামী অক্টোবর অথবা নভেম্বরে মিয়ানমারে সাধারণ নির্বাচন হওয়ার কথা। সবকিছু ঠিক থাকলে তার আগেই গৃহবন্দিত্ব থেকে মুক্তি পাওয়ার কথা ছিল সু চির। নির্বাচনের জন্য প্রস্তুতিও নিচ্ছিল তাঁর দল। তবে হঠাত্ গত সোমবার জান্তা সরকার নির্বাচনসংশ্লিষ্ট পাঁচটি নতুন আইন পাস করে। ওই আইনে বলা হয়েছে, কোনো অপরাধের দায়ে কারও যেকোনো মেয়াদে সাজা হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। এমনকি তিনি কোনো রাজনৈতিক দলের নেতৃত্বেও থাকতে পারবেন না। এ আইন কার্যকর হলে সু চিসহ তাঁর দলের শীর্ষস্থানীয় বহু নেতা নির্বাচনে অযোগ্য হবেন, এমনকি নিজের দল থেকে বাদ পড়বেন।জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রসহ মানবাধিকার সংস্থাগুলো এ আইনের ব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র জান্তা সরকারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের হুমকি পর্যন্ত দিয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলেছে, এসব আইন পাস করে জান্তা সরকার সু চিকে নির্বাচন থেকে দূরে রেখে তাদের গদি আরও পাকাপোক্ত করার চেষ্টা চালাচ্ছে। নির্বাচনের স্বচ্ছতার ব্যাপারে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশ ও আন্তর্জাতিক সংগঠনগুলো মিয়ানমারকে একের পর এক সতর্কবার্তা পাঠালেও জান্তা তা আমলে নিচ্ছে না।এনএলডির মুখপাত্র নিয়ান উইন গতকাল সাংবাদিকদের জানান, সরকারের এ ‘অবৈধ আইন’ সু চি মেনে নেননি। তিনি সরকারের এই ‘অগণতান্ত্রিক’ কর্মকাণ্ডের বিরোধিতায় সোচ্চার হতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।জান্তা সরকার যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য দায়ী কি না, সে ব্যাপারে তদন্তের আহ্বান জানিয়েছেন মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত টমাস ওজিয়া কুইন্তানা। এক প্রতিবেদনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ওই তদন্তের সুপারিশ করবেন। কাল সোমবার জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে পর্যালোচনার জন্য এ প্রতিবেদন পেশ করা হবে।কুইন্তানা বলেন, মিয়ানমারের বিরুদ্ধে উত্থাপিত এসব অভিযোগ তদন্তে জাতিসংঘের একটি কমিশন গঠন করা দরকার। মিয়ানমারে বেশ কয়েক বছর ধরে মানবাধিকার লঙ্ঘন অব্যাহত রয়েছে। অথচ জান্তা সরকার কোনো পদক্ষেপ নেয়নি।এ ছাড়া বিভিন্ন মানবাধিকার সংস্থা বেশ কিছু মানবাধিকার লঙ্ঘন ও সামরিক বাহিনীর নির্যাতনের প্রতিবেদন প্রকাশ করেছে। ইউএস ক্যাম্পেইন ফর বার্মার নির্বাহী পরিচালক অং ডিন বলেছেন, জান্তা সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখনই সময়।১৯৯০ সালে বিপুল ভোটে জয়ী হলেও এনএলডি ক্ষমতায় যেতে পারেনি। ওই বছরই সামরিক জান্তা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেন এবং সু চিকে গৃহবন্দী করেন।গত মে মাসে গণভোটের মাধ্যমে জান্তা সরকারের বৈধতা পাস করা হয়। তবে বিরোধীরা ওই গণভোটকে প্রহসন বলে তা প্রত্যাখ্যান করে। সর্বশেষ গত সোমবার নতুন যে পাঁচটি আইন পাস করা হয়, তাতে ১৯৯০ সালের নির্বাচনকে আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করা হয়। আল-জাজিরা ও এএফপি।