থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শনিবার রাতে সেনাবাহিনীর সঙ্গে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা ২১ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে পাঁচ সেনাসদস্যও রয়েছেন। ওই ঘটনায় বেশ কিছু সেনাসদস্যসহ আট শতাধিক লোক আহত হয়েছেন। বিক্ষোভকারীরা গতকালও তাঁদের অবস্থানে অনড় ছিলেন। তাঁরা বলেছেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথ ছাড়বেন না। অন্যদিকে, আরও প্রাণহানির আশঙ্কায় উচ্ছেদ অভিযান স্থগিত করে সেনাবাহিনী বিক্ষোভকারীদের অবস্থানস্থল থেকে সরে এসেছে। সরকারের পক্ষ থেকে বিক্ষোভকারীদের ওপর সেনাবাহিনীর গুলিবর্ষণের কথা অস্বীকার করা হলেও বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সেনাসদস্যদের তাঁরা গুলি চালাতে দেখেছেন। প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভা আবারও সমঝোতার প্রস্তাব দিলে বিক্ষোভকারীদের পক্ষ থেকে সে প্রস্তাব নাকচ করা হয়েছে। তবে বিক্ষোভকারীরা থাই রাজা ভূমিবলের হস্তক্ষেপ কামনা করেছেন। সংঘর্ষে নিহতদের প্রতি ‘সম্মান দেখাতে’ গতকাল রোববার বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভস্থলে অবস্থান করেছেন। খবর এএফপি ও বিবিসি অনলাইনের।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গত শনিবার রাতে ব্যাংককের জাতিসংঘ কার্যালয় এবং কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি ভবনের কাছে অবস্থিত প্যান ফা ব্রিজ এবং রাজদুমনোয়েন রোডে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সেনাবাহিনী ও দাঙ্গা পুলিশ অভিযান চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সংঘর্ষের সময় উভয় পক্ষ আগ্নেয়াস্ত্র ও গ্রেনেডসহ বিস্ফোরক ব্যবহার করে। সেনাবাহিনী প্রথম দিকে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করলেও একপর্যায়ে তারা বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়। ব্যাংককে বসবাসরত পল নামের একজন ব্রিটিশ শিক্ষক বিবিসিকে জানিয়েছেন, খাও স্যান রোডে তিনি নিজের চোখে সেনাবাহিনীকে সরাসরি গুলি চালাতে দেখেছেন। তবে বিক্ষোভকারীরা তাদের ওপর পাল্টা গুলি চালিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। গুলিতে হতাহতের ঘটনায় শনিবার রাতেই প্রধানমন্ত্রী ভেজ্জাজিভা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, সেনাবাহিনী শুধু রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে। তারা কারও ওপর সরাসরি গুলি চালায়নি। সেনাবাহিনীর মুখপাত্র স্যানসার্ন কায়াকামনার্দ অভিযোগ করেছেন, তাঁরা নন বরং বিক্ষোভকারীরাই গুলি চালিয়ে এবং গ্রেনেড ছুড়ে এ হতাহতের ঘটনা ঘটিয়েছে।বিক্ষোভকারীদের নেতা জতুপর্ণ প্রমপ্যান শনিবারের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে রাজা ভূমিবল আদুলিয়াদেজের হস্তক্ষেপ কামনা করেছেন। অসুস্থ রাজা বর্তমানে হাসপাতালে শয্যাশায়ী। সর্বশেষ খবরে জানা গেছে, গতকালও বিক্ষোভকারীরা তাঁদের অবস্থানে অনড় ছিলেন। তবে সেনাবাহিনী সরে আসায় গতকাল নতুন করে কোনো সংঘর্ষ হয়নি। সরকারের মুখপাত্র প্যানিতান ওয়াত্তানাইয়াগর্ন বলেছেন, তাঁরা বিক্ষোভকারীদের সঙ্গে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।