অপব্যবহারের আশঙ্কা ম্যান্ডেলার নামের

বর্তমান বিশ্বের সবচেয়ে শ্রদ্ধেয় নামগুলোর একটি নেলসন ম্যান্ডেলা। কিন্তু এরই মধ্যে নামটিকে টাকা বানানোর ব্র্যান্ডে পরিণত করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার মৃত্যুর পর তাঁর নামের মর্যাদা রক্ষার দায়িত্ব তাঁর উত্তরাধিকারীদের। তবে অনেকের আশঙ্কা, তাঁর উত্তরাধিকারীরাই নানাভাবে অপব্যবহারের মাধ্যমে এই নামের মর্যাদাহানি করতে পারেন।
ম্যান্ডেলা তাঁর জীবদ্দশায় কখনোই নিজের নামটিকে বাণিজ্যিক পণ্যে ব্যবহার করতে দেননি। এ কারণে তিনি প্রশংসা কুড়িয়েছেন। তবে ম্যান্ডেলার জীবনের শেষ কয়েক মাসে মদ থেকে শুরু করে শিল্পকর্ম—সবখানে নামটি ব্যবহার করা হয়েছে। এ নিয়ে তাঁর ঘনিষ্ঠ সহযোগী ও পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ দেখা দেয়। ম্যান্ডেলার মৃত্যুর পর পরিস্থিতি আরও জটিল হতে পারে।
অনলাইনভিত্তিক নিলামের প্রতিষ্ঠান বিডঅরবাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জ্যাকো জোঙ্কার বলেন, ‘এটাই এখন স্বাভাবিক। প্রকৃতির অমোঘ নিয়ম দক্ষিণ আফ্রিকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্টকে আমাদের কাছে থেকে নিয়ে গেছে। লোকজন এখন এই মহান ব্যক্তির স্মৃতি হিসেবে একটি ক্ষুদ্র নিদর্শন পেতে চায়।’
দক্ষিণ আফ্রিকায় তাতা (পিতা) ও মাদিবা (গোত্রীয় নাম) নামে পরিচিত ম্যান্ডেলা ৫ ডিসেম্বর চলে যাওয়ার পর তাঁর নাম ও ছবিসংবলিত টি-শার্ট, পতাকা, টুপি, ব্যাজসহ বিভিন্ন ধরনের পণ্য ব্যাপক হারে বিক্রি হচ্ছে। ম্যান্ডেলা-সংশ্লিষ্ট বইয়ের বিক্রি বেড়েছে উল্লেখযোগ্য হারে। নিলামকারী প্রতিষ্ঠান বিডঅরবাই জানায়, যেখানে স্বাভাবিক অবস্থায় তাদের প্রতিদিন গড়ে ৬০ ধরনের পণ্য বিক্রি হতো, সেখানে ম্যান্ডেলার মৃত্যুর পর প্রথম তিন দিনে বিক্রি হয় ৩৭৮ ধরনের পণ্য।
অবশ্য ম্যান্ডেলার ছবি বা নামসংবলিত পণ্যের স্বত্ব এখনো অস্পষ্ট। দক্ষিণ আফ্রিকার কোম্পানি ও মেধাস্বত্ব নিবন্ধন দপ্তরে ১৩০টি প্রতিষ্ঠানের তালিকা রয়েছে, যার মধ্যে আছে ল্যাটেলিসিয়াস ম্যান্ডেলা স্কয়ার (জোহানেসবার্গের একটি কফি হাউস), ম্যান্ডেলা অটো বডি পার্টস, ম্যান্ডেলা ক্লোদিংস এবং ম্যান্ডেলা পোলট্রি কো-অপারেটিভ লিমিটেড। এ ছাড়া বেশ কয়েকটি রাস্তা, ভবন, সেতু, উদ্যান, স্কুল ও বিপণিবিতানের নামকরণ করা হয়েছে ম্যান্ডেলার নামে। এমনকি নিজ প্রদেশ ইস্টার্ন কেপে ম্যান্ডেলা বে নামে একটি শহরও রয়েছে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ম্যান্ডেলার ৩০ জনের বেশি সন্তান, নাতি-নাতনি এবং তাঁদের ছেলেমেয়েদের ক্ষেত্রে আইনগত বিষয় কেমন হবে—তাও অস্পষ্ট। কেননা, তাঁদের নামের সঙ্গেও ম্যান্ডেলা যুক্ত আছে। সব মিলিয়ে অনেকের আশঙ্কা, অদূর ভবিষ্যতে আর্থিক ফায়দা নিতে ম্যান্ডেলার নাম ব্যবহারের অসুস্থ প্রতিযোগিতা শুরু হবে এবং এভাবে প্রয়াত এই মহানায়কের মর্যাদা ক্ষুণ্ন হতে পারে। এএফপি।