অপরাধ করেছি আমাকে ফাঁসি দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলন্ত বাসে মেডিকেল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজন গতকাল বুধবার ঘৃণ্য এই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। একজন বলেছেন, ‘আমাকে ফাঁসি দিন।’ গ্রেপ্তার করা চারজন হলেন: বাসচালক রাম সিং, তাঁর ভাই মুকেশ এবং পবন ও বিনয় শর্মা। মুকেশকে ১৪ দিনের বিচারিক হেফাজতে নেওয়া হয়েছে। অন্য দুজনকে চার দিনের পুলিশি রিমান্ডে নেওয়া হয়েছে। বিনয় আদালতে বলেন, ‘আমি ঘৃণ্য অপরাধ করেছি। আমি ধর্ষণের শিকার ওই ছাত্রীর (২৩) ছেলেবন্ধুকে পিটিয়ে আহত করেছি। আমার ফাঁসি হওয়া উচিত।’ পবনও গণধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তবে প্রধান সন্দেহভাজন মুকেশ এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেন। আদালতের বিচারক নমৃতা আগারওয়াল বলেন, মুকেশকে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেনি পুলিশ। তবে কাপড়চোপড়, ধর্ষণের শিকার ছাত্রী ও তাঁর ছেলেবন্ধুর এটিএম কার্ড এবং মুঠোফোন উদ্ধারের জন্য অন্য দুজনকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। এ জন্য তাঁদের চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার বাসচালক রাম সিংকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে বিহারে অক্ষয় ঠাকুর নামের আরও একজনকে আটক করেছে পুলিশ। তাঁকে গতকালই নয়াদিল্লিতে আনা হয়েছে।নয়াদিল্লির হাইকোর্ট গতকাল স্বতঃপ্রণোদিত হয়ে ধর্ষণের এই ঘটনা আমলে নিয়েছেন। পুলিশকে দুই দিনের মধ্যে এ-সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।হাইকোর্টের প্রধান বিচারপতি ডি মুরুগেসানের নেতৃত্বাধীন বেঞ্চ বলেন, এ ঘটনা রাজধানীর সব নাগরিকের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। বিশেষ করে নারী ও মেয়েশিশুদের নিরাপত্তার প্রশ্নটি বড় হয়ে দেখা দিয়েছে।এর আগে গাড়িতে রঙিন কাচ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেন সুপ্রিম কোর্ট। কোর্টের এই নিষেধাজ্ঞা কত দূর বাস্তবায়ন করা হয়েছে, নয়াদিল্লির পুলিশ কাউন্সিলের কাছে তা জানতে চান হাইকোর্ট।এদিকে, বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন টুইট বার্তায়বলেন, এমন ধর্ষণের ঘটনা ‘নৃশংস ও ক্ষমার অযোগ্য। একটা পশুও এমন আচরণ করবে না।’ গতকাল টুইট বার্তায় তিনি আরও লেখেন, ‘দুর্গা, কালী ও লক্ষ্মী আমাদের দেবী। আমরা তাঁদের ভক্তি করি। নারীদের প্রতি সম্মান দেখাতে হবে, তাঁদের যোগ্য স্থান দিতে হবে। অথচ যে নৃশংস ঘটনা ঘটানো হলো, এর বর্ণনা দেওয়ার সাহস আমার নেই।’নয়াদিল্লিতে বিক্ষোভ: ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল নয়াদিল্লিতে ব্যাপক বিক্ষোভ হয়। এ সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা দিল্লির মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতের বাসভবন এবং পুলিশ সদর দপ্তরের বাইরে বিক্ষোভ করে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। গত রোববার রাতে দক্ষিণ দিল্লিতে ওই ছাত্রী গণধর্ষণের শিকার হন। গণধর্ষণের পর ওই ছাত্রী ও তাঁর ছেলেবন্ধুকে মারধর করা হয়। ছেলেবন্ধুকে রড দিয়ে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে দুজনকেই চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়। এএফপি ও পিটিআই অনলাইন।