অপরাধী ব্যক্তিকে রাজনীতি থেকে দূরে রাখার উদ্যোগ
ঘৃণ্য অপরাধে জড়িত ব্যক্তিদের রাজনীতি থেকে দূরে রাখতে নতুন আইন করার উদ্যোগ নিয়েছেন ভারতের কেন্দ্রীয় আইনমন্ত্রী কপিল সিবাল। এ বিষয়ে আইন কমিশনের মতামত জানতে ইতিমধ্যে চিঠি দিয়েছেন তিনি।
ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া সাক্ষাৎকারে কপিল এ কথা জানিয়েছেন।
গত জুলাইয়ে ভারতের সুপ্রিম কোর্টের এক নির্দেশে বলা হয়, কোনো আইনপ্রণেতা আদালতের রায়ে দণ্ডিত হলে তাৎক্ষণিকভাবে পদ হারাবেন এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার যোগ্যতা হারাবেন। আদালতের ওই নির্দেশনার পর এবার ঘৃণ্য অপরাধে জড়িতদের রাজনীতি থেকে দূরে রাখার নতুন উদ্যোগ নিলেন আইনমন্ত্রী কপিল।
কপিল সিবাল বলেন, ‘আইন কমিশনের মতামত জানতে তাদের কাছে চিঠি লিখেছি। ব্যক্তিগতভাবে এ-সংক্রান্ত বিলের একটি খসড়াও তৈরি করেছি।’ আইনমন্ত্রী বলেন, তিনি ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন, যাঁরা খুন, ধর্ষণ ও অপহরণের মতো ঘৃণ্য অপরাধে জড়িত থাকবেন, যার শাস্তি কমপক্ষে সাত বছর কারাদণ্ড, তাঁদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া উচিত নয়। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট ব্যক্তি এসব অপরাধে দোষী সাব্যস্ত না হয়ে শুধু অভিযুক্ত হলেই তাঁদের যে কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত রাখা উচিত। পিটিআই।