অপরাধী শনাক্তের মোক্ষম ‘অস্ত্র’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওসামা বিন লাদেনের মতো আন্তর্জাতিক সন্ত্রাসীর পরিচয় শনাক্ত করা থেকে শুরু করে ধর্ষক ও খুনির মতো বড় বড় অপরাধীর মুখোশ উন্মোচন করতে এখন যে মোক্ষম ‘অস্ত্রটি’ ব্যবহার করা হচ্ছে তার নাম ডিএনএ পরীক্ষা। সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান দমিনিক স্ত্রস কানকে একটি ধর্ষণ মামলায় বেকায়দায় ফেলে দিয়েছে এই পরীক্ষা। ফরেনসিক বিশেষজ্ঞদের দাবি, অপরাধী শনাক্ত করার ক্ষেত্রে আঙুলের ছাপ পরীক্ষা করার চেয়ে ডিএনএ পরীক্ষা বহুগুণ কার্যকর। এর ফল প্রায় শতভাগ নির্ভুল। এ কারণে এ পরীক্ষা পুলিশ ও অপরাধ আদালতের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক উপকরণ হিসেবে বিবেচিত হচ্ছে। বিজ্ঞানের পরিভাষায় ডিওক্সিরিবোনিউক্লেয়িক এসিডকে সংক্ষেপে বলা হয় ডিএনএ। এটি এক ধরনের অতি আণবিক অম্ল, যার মাধ্যমে প্রাণীকোষ বিশ্লেষণ করে বংশানুগতির নিয়ন্ত্রক উপাদান (জিন) শনাক্ত করা যায়। এই জিন শনাক্ত করার মধ্য দিয়ে বিভিন্ন অপরাধ অকাট্যভাবে প্রমাণ করা সম্ভব হয়। ওসামা বিন লাদেন সত্যিই নিহত হয়েছেন কি না, তা নিয়ে অনেকে প্রশ্ন তুললেও মার্কিন প্রশাসন বলেছে, এ নিয়ে তাদের এক চুল সন্দেহ নেই। অ্যাবোটাবাদে নিহত ব্যক্তিই যে বিন লাদেন, সে বিষয়ে তারা শতভাগ নিশ্চিত; কারণ ডিএনএ পরীক্ষায় তাঁর পরিচয় ধরা পড়েছে। সিআইএ কর্মকর্তারা বলেছেন, লাদেনের পরিবারের একাধিক সদস্যের শরীরের ডিএনএ তাঁদের কাছে সংরক্ষিত আছে। অ্যাবোটাবাদে নিহত হওয়া ব্যক্তির শরীরের ডিএনএ নিয়ে তাঁরা সেটির সঙ্গে স্বজনদের ডিএনএ মিলিয়ে দেখেছেন। পরীক্ষায় এসব ডিএনএর সাজুয্য ধরা পড়ায় তাঁরা নিশ্চিত হয়েছেন ওই ব্যক্তিই হচ্ছেন ওসামা বিন লাদেন। অন্যদিকে, নিউইয়র্কের একটি হোটেলের এক নারীকর্মী স্ত্রস কানের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলার আলামত হিসেবে তাঁর (নারীকর্মীর) গায়ের একটি শার্ট আদালতে পেশ করেন। শার্টের গায়ে কানের বীর্য লেগেছিল বলে ওই নারী দাবি করেন। তদন্ত কর্মকর্তারা শার্টে লেগে থাকা বীর্য থেকে ডিএনএ সংগ্রহ করে সেটি কানের দেহের ডিএনএর সঙ্গে মিলিয়ে দেখেন। উভয় ডিএনএ মিলে যাওয়ায় প্রাথমিকভাবে কানের বিরুদ্ধে আনা অভিযোগকে সত্য বলে ধারণা করা হচ্ছে।যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের রসায়ন ও জীববিদ্যা বিভাগের অধ্যাপক বোনার ডেন্টন এএফপিকে বলেছেন, ‘ডিএনএ পরীক্ষা হচ্ছে এমন একটি অনুপম প্রযুক্তি, যা সঠিকভাবে সম্পন্ন করা গেলে শনাক্তকরণের ক্ষেত্রে শতভাগ নির্ভুল ফল পাওয়া যায়।’ তিনি বলেন, ‘এর সাফল্য প্রায় ১০০ শতাংশ।’মার্কিন তদন্ত সংস্থা এফবিআইয়ের মহাফেজখানায় লাখ লাখ লোকের ডিএনএর নমুনা সংরক্ষিত আছে। প্রতি সপ্তাহে যত লোককে গ্রেপ্তার করা হয় তাদের দেহের ডিএনএর সঙ্গে কম্পিউটারাইজড পদ্ধতিতে সংরক্ষিত ডিএনএর মিল আছে কি না, তা খুঁজে দেখা হয়। এফবিআই বলেছে, ১৯৯৪ সাল থেকে এ পর্যন্ত তারা ডিএনএ পরীক্ষার মাধ্যমে এক লাখ ৪০ হাজার লোককে অপরাধী হিসেবে প্রমাণ করেছে। অন্যদিকে ১৯৮৯ সাল থেকে এ পর্যন্ত একই পরীক্ষার মধ্য দিয়ে ২৬৯ জন নির্দোষ প্রমাণিত হয়েছে। এএফপি।