অপরাধীদের কাঠগড়ায় তোলা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আততায়ীদের গুলিতে নিহত পাকিস্তানের সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী শাহবাজ ভাট্টির লাশ গতকাল শুক্রবার বিকেলে পাঞ্জাবের ফয়সালাবাদে অবস্থিত নিজ গ্রাম খুশপুরে সমাহিত করা হয়েছে। এর আগে দুপুরে ইসলামাবাদের একটি গির্জায় তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় শোকার্ত মানুষের ঢল নামে। প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিসহ মন্ত্রিসভার সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।গতকাল পেশোয়ারের একটি মসজিদে মুসল্লিরা জুম্মার নামাজ আদায় করার সময় এক বোমা বিস্ফোরণে কমপক্ষে নয়জন নিহত হয়েছেন।সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, পাকিস্তানের মন্ত্রিসভার একমাত্র খ্রিষ্টান ধর্মাবলম্বী সদস্য শাহবাজ ভাট্টির শেষকৃত্যে যোগ দিতে খ্রিষ্টান সম্প্রদায়ের শত শত লোক তাঁর গ্রামের বাড়িতে জড়ো হয়। কালো পতাকা হাতে নিয়ে তাদের বিক্ষোভ করতে দেখা যায়। তারা শাহবাজ হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। এ সময় শাহবাজের স্বজনদের সঙ্গে স্থানীয় বহু লোককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। খ্রিষ্টানদের পাশাপাশি খুশপুরের অনেক মুসলমানও এ সময় বিলাপ করেন। দুপুরে ইসলামাবাদে খ্রিষ্টানদের প্রধান উপাসনালয় ফাতিমা চার্চে কঠোর নিরাপত্তার মধ্যে শাহবাজের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এ সময় গির্জার আশপাশের সব রাস্তাঘাটে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে। ওই অনুষ্ঠানে প্রথম সারির সব মন্ত্রীকে সঙ্গে নিয়ে ইউসুফ রাজা গিলানি যোগ দেন। গিলানি বলেন, ‘এটি আমাদের জন্য ঘোর বিষাদের দিন। এই দিনটিকে আমি কালো দিবস বলে মনে করি। তাঁর মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে।’ তিনি বলেন, আসল অপরাধীদের ধরে বিচারের কাঠগড়ায় তোলা হবে।অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে শাহবাজের ভাই পিটার ভাট্টি বলেন, তাঁর ভাই অসহায় লোকদের অধিকার প্রতিষ্ঠায় যে সংগ্রাম করেছেন, তাঁরা সে পথ অনুসরণ করে যাবেন।ফাতিমা চার্চের প্রধান তত্ত্বাবধায়ক ফাদার রেহমাত হাকিম বলেন, এ হত্যাকাণ্ড পাকিস্তানের খ্রিষ্টান সম্প্রদায়ের নিরাপত্তাহীনতাকে আরও জোরাল করবে।গত বুধবার ইসলামাবাদে একদল বন্দুকধারী শাহবাজ ভাট্টিকে গুলি করে হত্যা করে। হত্যাকাণ্ড শেষে তারা একটি চিরকুট ফেলে যায়। এতে বন্দুকধারীরা নিজেদের আল-কায়েদা-সমর্থিত তালেবান বলে পরিচয় দেয়। মসজিদে বোমা: পেশোয়ারের নওশেরা এলাকায় গতকাল জুম্মার নামাজ চলাকালে এক বিস্ফোরণে কমপক্ষে নয়জন মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৫ জনের বেশি। চিকিৎসকেরা বলেন, নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এএফপি ও বিবিসি অনলাইন।