অপহূতদের মধ্যে আছে ইরানি বিপ্লবী গার্ডের সাবেক সদস্যও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার বিদ্রোহীদের অপহরণের শিকার ৪৮ ইরানি নাগরিকের মধ্যে দেশটির বিপ্লবী গার্ডের বেশ কিছু সাবেক সদস্য রয়েছেন। এ ছাড়া কিছু সাবেক সেনাসদস্যও রয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহি গতকাল বুধবার এ কথা জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী সালেহি তুরস্কে সফরে ছিলেন। সফর শেষে গতকাল তিনি দেশে ফেরেন। দেশে ফিরে তিনি বার্তা সংস্থা ইরানিয়ান স্টুডেন্ট নিউজ এজেন্সিকে বলেন, ‘অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে রয়েছেন বেশ কিছু অবসরপ্রাপ্ত বিপ্পবী গার্ড ও সেনাসদস্য। এর বাইরে অন্যান্য মন্ত্রণালয়ের কিছু সদস্যও রয়েছেন।’ তবে সাবেক ওই বিপ্লবী গার্ড ও সেনাসদস্যদের সামরিক কোনো ভূমিকা ছিল না বলে দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী সালেহি। তিনি বলেন, গত শনিবার অপহূত হওয়ার সময় তাঁরা একটি তীর্থযাত্রার উদ্দেশে সিরিয়ার রাজধানী দামেস্কে ছিলেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সালেহ ইরানি নাগরিকদের উদ্ধারে জাতিসংঘ ও তুরস্কের সহায়তাও কামনা করেছেন। তবে বিদ্রোহীদের অভিযোগ, ওই ইরানিরা সিরিয়ার সেনাবাহিনীর পক্ষে কাজ করছিলেন। তাঁরা বিদ্রোহীদের অবস্থান, শক্তি ইত্যাদি সম্পর্কে নানা তথ্য সিরীয় বাহিনীকে সরবরাহ করছিলেন।অপহরণের শিকার নাগরিকদের উদ্ধারে জাতিসংঘ ও তুরস্কের কাছে সাহায্য চেয়েছে ইরান। এর আগে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান সিরিয়া সফর করেন। তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে দামেস্কে বৈঠক করেন। ওই বৈঠকেও তিনি তাঁর দেশের ৪৮ নাগরিককে উদ্ধারে প্রেসিডেন্ট বাশারের সহায়তা কামনা করেন। বিবিসি।