অপহৃত ছাত্রীদের উদ্ধারে মার্কিন দল নাইজেরিয়ায়
নাইজেরিয়ায় অপহৃত দুই শতাধিক স্কুলছাত্রীকে উদ্ধারে সহায়তার জন্য মার্কিন একটি বিশেষজ্ঞদের দল গতকাল শুক্রবার দেশটিতে পেঁৗছেছে৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গত বৃহস্পতিবার বলেছেন, ওই ছাত্রীদের উদ্ধারে মার্কিন দলটি নাইজেরিয়ার সরকারকে সম্ভাব্য সব রকমের সাহায্য করবে৷
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের চিবক শহরের একটি আবাসিক বিদ্যালয়ে থেকে ‘পড়াশোনার অপরাধে’ ওই ছাত্রীদের গত ১৪ এপ্রিল রাতে তুলে নিয়ে যায় জঙ্গি সংগঠন বোকো হারাম৷ চিবক থেকে প্রতিবেশী দেশ ক্যামেরুন পর্যন্ত বিস্তীর্ণ জঙ্গলের কোথাও তাদের আটকে রাখা হয়েছে বলে ধারণা করা হয়৷ বোকো হারামের নেতা আবুবকর শেকাউ ওই ছাত্রীদের ‘বাজারে বিক্রি’ করে দেওয়া হবে বলে এক ভিডিওবার্তায় হুমকি দিয়েছেন৷ এরপর তাদের উদ্ধারে বিশ্বজুড়ে সচেতনতা ছড়িয়ে পড়ে৷ ছাত্রীদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা, অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি এবং পাকিস্তানি শিক্ষা আন্দোলনকর্মী মালালা ইউসুফজাই প্রমুখ৷
অপহৃত ছাত্রীদের উদ্ধারে ধীরগতির পদক্ষেপ নিয়ে নাইজেরিয়া সরকার সমালোচিত হয়েছে৷ তবে দেশটির প্রেসিডেন্ট গুডলাক জোনাথান বলেছেন, ইসলামপন্থী বিদ্রোহী সংগঠন বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ে তিনি একটি ‘বড় ধরনের পরিবর্তন’ আশা করছেন৷ ছাত্রীদের উদ্ধারে তাঁর দেশ ‘পরিপূর্ণ অঙ্গীকারবদ্ধ’৷
মার্কিন বিশেষজ্ঞ দলটিতে সামরিক ব্যক্তিদের পাশাপাশি বিচার বিভাগ ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা রয়েছেন৷ ছাত্রীদের উদ্ধারে নাইজেরিয়াকে পরিকল্পনা ও সমন্বয়কারী এবং গোয়েন্দা ও কৃত্রিম উপগ্রহের (স্যাটেলাইট) ছবি সরবরাহের মাধ্যমে সহায়তার জন্য যুক্তরাজ্য, ফ্রান্স ও চীনও প্রস্তাব দিয়েছে৷ এএফপি ও বিবিসি৷