অপহৃত ছাত্রীদের পক্ষে কথা বলতে নাইজেরিয়ায় মালালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই নাইজেরিয়ায় বোকো হারাম জঙ্গিদের কাছে আটক স্কুলছাত্রীদের উদ্ধার অভিযানের পক্ষে প্রচারণা চালাতে গতকাল রোববার দেশটির রাজধানী আবুজায় গেছে।
১৭ বছর বয়সী মালালা পাকিস্তানে তালেবানের হামলায় ২০১২ সালে গুলিবিদ্ধ হয়েছিল। চিকিৎসায় সেরে ওঠার পর সে এখন যুক্তরাজ্যের বার্মিংহামের বাসিন্দা। খবর টেলিগ্রাফের।
নাইজেরিয়ায় অপহৃত প্রায় ২২৩ জন ছাত্রীর পক্ষে আবুজায় একটি কর্মসূচিতে অংশ নেবে মালালা। পাশাপাশি সে ওই ছাত্রীদের আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করবে। দেশটির প্রেসিডেন্ট গুডলাক জোনাথানের সঙ্গেও মালালার দেখা করার সম্ভাবনা রয়েছে। ছাত্রীদের উদ্ধারের জন্য নাইজেরিয়ার কর্তৃপক্ষের ওপর আন্তর্জাতিক চাপ রয়েছে। এবার সেখানে মালালার মতো নারী অধিকারকর্মীর অংশগ্রহণে নাইজেরিয়ার ওপর বাড়তি চাপ যোগ হবে।
উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের চিবক এলাকার একটি আবাসিক বিদ্যালয় থেকে ১৪ এপ্রিল ওই ছাত্রীদের অপহরণ করে বোকো হারামের জঙ্গিরা। তাদের উদ্ধারের জন্য সরকার যথেষ্ট উদ্যোগ নেয়নি বলে অভিযোগ রয়েছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স এ ব্যাপারে নাইজেরিয়াকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।