অপহৃত ভারতীয়দের ফিরিয়ে আনতে চাপে মোদি সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকে অপহৃত ভারতীয়দের কোথায় বন্দী করে রাখা হয়েছে, সে দেশের সরকার ভারতকে তা জানিয়েছে। তবে কোথায় অপহৃত ব্যক্তিদের রাখা হয়েছে, তাঁরা নিরাপদে আছেন কি না, এসব বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু বলতে চায়নি।
ইরাকে অপহৃত ব্যক্তিদের ভালয় ভালয় দেশে ফিরিয়ে আনাই এই মুহূর্তে নরেন্দ্র মোদির সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের মোকাবিলায় কোনো কিছুরই ঘাটতি রাখছে না বলে সরকার জানিয়েছে। সুন্নি ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড লেভান্টের (আইএসআইএল) জঙ্গিরা দুই দিন আগে দেশের উত্তরাঞ্চলের মসুল শহর থেকে ৪০ জন ভারতীয় শ্রমিককে অপহরণ করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন গতকাল বৃহস্পতিবার জানান, এখনো কেউ মুক্তিপণের কোনো দাবি জানায়নি।
পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ গতকাল বলেন, ‘একিট দায়িত্বশীল সরকারের যা যা করা উচিত, এই কঠিন সময়ে আমরা তা করছি।’ অপহৃত ব্যক্তিদের কারও কারও পরিবারের সদস্যরা গতকাল পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তাঁদের আশ্বস্ত করে সুষমা বলেন, বন্দীদের নিরাপদে ফিরিয়ে আনতে যা কিছু করণীয়, সরকার তা করছে।
অপহৃত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে সরকারকে বলা হয়েছে, জঙ্গিরা প্রায় ১০০ জন শ্রমিককে অপহরণ করেছে। তাঁদের মধ্যে ৪০ জন ভারতীয় ছাড়াও বাংলাদেশের কিছু শ্রমিক রয়েছেন। তাঁরা সবাই তারিক নূর আল হুদা নামের একটি নির্মাণ কোম্পানিতে কাজ করতেন।
অপহৃত ব্যক্তিদের খোঁজ মিললেও কীভাবে তাঁদের নিরাপদে ফিরিয়ে আনা যাবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছুই বলা হচ্ছে না। বন্দীরা নিরাপদে আছেন কি না, সে বিষয়েও আকবরউদ্দিন নিশ্চিত করে কিছু বলতে পারেননি। নিরাপত্তার নিশ্চয়তাও দিতে পারেননি। পরিস্থিতির মোকাবিলায় ইরাকে নিযুক্ত সাবেক ভারতীয় রাষ্ট্রদূত সুরেশ রেড্ডিকে গতকালই বাগদাদে পাঠানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র প্রথম আলোকে বলেন, অটল বিহাির বাজপেিয় সরকারের আমলে ভারতীয় বিমান ছিনতাইকারী জঙ্গিরা ভারতের কারাগারে বন্দীদের মুক্তি দাবি করেছিল। আলফা জঙ্গিরাও বহু ক্ষেত্রে টাকার দাবি জানিয়েছে। কিন্তু জিহাদিরা বা এ ধরনের জঙ্গিরা বহু সময় অন্য ধাঁচের হয়ে থাকে। তাদের মোকাবিলা তাই কঠিন হয়ে যায়। এ ক্ষেত্রে আরও অসুবিধা হলো, ইরাকের উত্তরে মসুল বা তিকরিত শহরে শাসক শিয়া গোষ্ঠীর প্রশাসনিক মুঠি খুবই আলগা। তা ছাড়া অপহৃত ব্যক্তিদের উদ্ধার করা গেলেও কোন পথে তাদের ফিরিয়ে আনা যায়, তাও নিশ্চিত নয়। অপহৃত ব্যক্তিদের অনেকের আবার পাসপোর্টও নেই। অবশ্য নথিপত্র না থাকাটা বিশেষ সমস্যা হবে না বলে আকবরউদ্দিন জানান।