অপুষ্টি হচ্ছে ‘জাতীয় লজ্জা’: মনমোহন
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং দেশে বিদ্যমান অপুষ্টি সমস্যাকে ‘জাতীয় লজ্জা’ বলে অভিহিত করেছেন। গতকাল মঙ্গলবার শিশুদের ওপর পরিচালিত এক জরিপের একটি বড় ধরনের জরিপবিষয়ক প্রতিবেদন প্রকাশকালে তিনি এই মন্তব্য করেন।ক্ষুধা ও অপুষ্টিবিষয়ক ওই জরিপ অনুযায়ী, দেশটির পাঁচ বছরের কম বয়সী শিশুদের ৪২ শতাংশ অপুষ্টিতে ভুগছে। তাদের ওজন স্বাভাবিকের চেয়ে কম। নয়টি রাজ্যের ১১২টি জেলার ৭৩ হাজার পরিবারের ওপর এ জরিপ চালানো হয়। বেসরকারি একাধিক সংস্থার উদ্যোগে পরিচালিত ওই জরিপের কাজের প্রশংসা করে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, এই ফলাফল একই সঙ্গে উদ্বেগ ও উৎসাহ জাগায়। মনমোহন আরও বলেন, ‘অপুষ্টির বিষয়টি একটি জাতীয় লজ্জা। দেশের অর্থনীতির উল্লেখযোগ্য উন্নতি সত্ত্বেও অপুষ্টির হার এখনো অনেক বেশি। এটি মেনে নেওয়া যায় না। দেশের ৪২ শতাংশ শিশুর এই দুরবস্থা দেখে আমি উদ্বিগ্ন।’ এএফপি, টাইমস অব ইন্ডিয়া।