অপুষ্টির কারণে স্কুলে পিছিয়ে পড়ছে শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপুষ্টিতে ভোগার ফলে বিশ্বের এক-চতুর্থাংশ শিশু স্কুলের লেখাপড়ায় পিছিয়ে পড়ছে। যুক্তরাজ্যের বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেনের সমীক্ষায় জানা গেছে, অপুষ্টিতে ভোগা আট বছরের শিশুরা ‘সূর্য উত্তাপ দেয়’ অথবা ‘আমি কুকুর ভালোবাসি’ এ ধরনের সহজ বাক্য পড়তেও ভুল করে। যেসব শিশু সুষম খাবার খায়, তাদের তুলনায় অপুষ্টিতে ভোগা ১৯ শতাংশ শিশুই এ রকম ভুল করেছে।
সমীক্ষায় বলা হয়, অপুষ্টিতে ভোগা শিশুরা প্রাপ্তবয়সে গিয়েও তুলনামূলকভাবে ২০ শতাংশ কম আয় করে। সেভ দ্য চিলড্রেন আরও বলছে, জি-৮-ভুক্ত দেশের নেতাদের এখন প্রধান বিবেচ্য বিষয় হওয়া উচিত অপুষ্টি দূর করা।
আগামী মাসে আয়ারল্যান্ডের উত্তরাঞ্চলে বৈঠকে বসবেন জি-৮ নেতারা।  ইথিওপিয়া, ভারত, পেরু, ভিয়েতনামের কয়েক হাজার শিশুর ওপর জরিপ চালিয়ে ‘বিকাশের জন্য খাবার’ এই চিন্তা থেকে সমীক্ষা প্রকাশ করেছে সেভ দ্য চিলড্রেন। সেভ দ্য  চিলড্রেনের ওই সমীক্ষায় জানা গেছে, অপুষ্টির কারণে বিশ্বের এক-চতুর্থাংশ শিশু দুর্বলভাবে বড় হচ্ছে। তাদের মস্তিষ্কেরও পরিপূর্ণ বিকাশ হচ্ছে না।

সেভ দ্য চিলড্রেনের আন্তর্জাতিক বিষয়ক নির্বাহী প্রধান জেসমিন হুইটব্রিড বলেন, উন্নয়নশীল দেশগুলোতে অপুষ্টি সাক্ষরতার ক্ষেত্রে বড় ধরনের সংকট তৈরি করেছে। অপুষ্টি শিশু মৃত্যুহার কমানোর ক্ষেত্রে  বাধা হয়ে দাঁড়িয়েছে।

জি-৮ সম্মেলনকে সামনে রেখে যুক্তরাজ্যের সরকারের পৃষ্ঠপোষকতায় আগামী ৮ জুনে লন্ডনে পুষ্টিবিষয়ক বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে আফ্রিকার দেশগুলোতে খাদ্যনিরাপত্তা এবং পুষ্টি বিষয়ে বিভিন্ন কর্মসূচি নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। হুইটবার্ড জানান, বিশ্ব নেতারা সম্মেলনে অপুষ্টির সংকট মোকাবিলা ও দূর করার বিষয়ে আলোচনা করবেন।