অপ্রকাশিত পাণ্ডুলিপি রেখে গেছেন মার্কেস

কলম্বিয়ার সদ্যপ্রয়াত বিশ্বনন্দিত সাহিত্যিক গাব্রিয়েল গার্সিয়া মার্কেস একটি অপ্রকাশিত পাণ্ডুলিপি রেখে গেছেন। জীবিত থাকাকালে তিনি ওই পাণ্ডুলিপি মুদ্রণ না করার পক্ষে ছিলেন। একজন বইয়ের সম্পাদক এ কথা জানিয়েছেন।
বইয়ের প্রকাশনাবিষয়ক প্রতিষ্ঠান পেঙ্গুইন র্যান্ডম হাউস মেক্সিকো-এর সম্পাদকীয় পরিচালক ক্রিস্টোবাল পেরা মঙ্গলবার সাংবাদিকদের বলেন, মার্কেস একটি অপ্রকাশিত পাণ্ডুলিপি রেখে গেছেন। এটির শিরোনাম হচ্ছে, ‘উই উইল সি ইচ আদার ইন আগস্ট’। তিনি জানান, মার্কেসের পাণ্ডুলিপি মরণোত্তরকালে বই আকারে প্রকাশের অনুমতি দেওয়া হবে কি না, অথবা দিলে, কোন প্রকাশনা হাউসকে সেই অধিকার দেওয়া হবে, সেসব বিষয়ে তাঁর পরিবার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।
অবশ্য, ওই পাণ্ডুলিপির অংশবিশেষ স্পেনের লা ভ্যানগার্দিয়া পত্রিকায় ছাপা হয়েছে। ছাপা অংশটি পাণ্ডুলিপিটির প্রথম অধ্যায় বলে মনে হয়েছে। সেখানে একজন পঞ্চাশোর্ধ্ব বিবাহিত নারীর একটি সফরের কাহিনির বর্ণনা রয়েছে, যিনি প্রতিবছর একটি গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপে তাঁর মায়ের কবর দেখে আসেন।
কলম্বিয়ায় মার্কেসকে শেষ বিদায়: মার্কেসকে গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শেষ বিদায় জানিয়েছে তাঁর জন্মস্থান কলম্বিয়া। রাজধানী বোগোতার গির্জায় ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোস। মার্কেসের বোনেরাও এতে অংশ নেন।
অনুষ্ঠানে প্রেসিডেন্ট সান্তোস সদ্যপ্রয়াত সাহিত্যিক মার্কেসকে ‘বিশাল মানুষ’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘গাবো (মার্কেসের আদুরে নাম) তাঁর নিজ দেশ ও লাতিন আমেরিকার ভাগ্যের ব্যাপারে ছিলেন প্রতিশ্রুতিবদ্ধ... বিশেষ করে শান্তির বিষয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি।’ কলম্বিয়ার সরকার ও দেশটির বিদ্রোহী গোষ্ঠী ফার্ক গেরিলাদের মধ্যে ৫০ বছর ধরে চলা সংঘাত বন্ধে মার্কেসের আন্তরিকতার প্রসঙ্গ টেনে এ কথা বলেন তিনি।
১৯৮২ সালে সাহিত্যে নোবেলজয়ী মার্কেস গত বৃহস্পতিবার মেক্সিকোতে মারা যান। নিজের স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে এখানেই তিনি কয়েক দশক ধরে বসবাস করেন। বামপন্থী গেরিলাদের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে কলম্বিয়ার সামরিক বাহিনী তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে, এমন আশঙ্কায় ১৯৬১ সালে দেশ ছেড়ে মেক্সিকোয় চলে যান মার্কেস। বিবিসি ও এপি।