অপ্রতিরোধ্য ভ্লাদিমির পুতিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্লাদিমির পুতিন
ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর ক্ষমতার নিয়ন্ত্রণ আরও শক্ত করছেন। সাম্প্রতিক কিছু কার্যক্রমে এর ইঙ্গিত মিলেছে। গত সপ্তাহেই ব্যবসায়ী মিখাইল খোদোরকোভস্কির মুক্তি, ইউক্রেনকে দেড় হাজার কোটি ডলার ঋণ প্রদান, আরআইএ-নভোস্তি সংবাদ সংস্থা পুনর্গঠনের ঘোষণা সেই কার্যক্রমেরই অংশ।
চরমভাবে অর্থনৈতিক ঝুঁকিতে পড়া ইউরোপীয় দেশ ইউক্রেনকে দেড় হাজার কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন পুতিন। এর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কৌশলকে পরাস্ত করতেও সক্ষম হয়েছেন তিনি। ইইউর প্রস্তাবিত সহায়তা প্যাকেজ গ্রহণ না করে মস্কোর সহায়তা নিতে ইউক্রেনকে রাজি করানো পুতিনের কূটনৈতিক বড় সাফল্যই বলা যায়।
গত সপ্তাহেই পুতিনের নির্দেশনায় রাশিয়ার পার্লামেন্টে সাধারণ ক্ষমা-সংক্রান্ত একটি বিল পাস হয়, যার আওতায় হাজার হাজার বন্দী মুক্তি পাওয়ার প্রক্রিয়ায় আছেন। এরপর ব্যবসায়ী খোদোরকোভস্কিকে ক্ষমা করে দিয়ে তাঁকে মুক্তি দিলেন পুতিন। এই খোদোরকোভস্কি প্রেসিডেন্ট পুতিনের কঠোর সমালোচক ছিলেন।
চলতি মাসের শুরুর দিকে আধা সায়ত্ত্বশাসিত রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ-নভোস্তি পুনর্গঠন করার বিষয়ে পুতিনের ঘোষণা মস্কোর রাজনীতিক ও গণমাধ্যম-সংশ্লিষ্ট ব্যক্তিদের বিস্মিত করে। ক্রেমলিনের অনুগত একজনকে দিয়ে পুনর্গঠনের কাজ করতে চাইছেন পুতিন।
রুশ প্রেসিডেন্টের এসব কার্যক্রম শুধু তাঁর নির্বাহী ক্ষমতাগুলো একক কর্তৃত্বে করার সামর্থ্যের ইঙ্গিত দেয় না বরং আইনি ও বিচার বিভাগে সরকারের ইচ্ছা বাস্তবায়ন এবং রাশিয়ার গণমাধ্যমে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইচ্ছার ইঙ্গিত দেয়। রাশিয়ার সরকার-নিয়ন্ত্রিত টেলিভিশন স্টেশন চ্যানেল ওয়ানের একটি অনুষ্ঠানে টিভি সাংবাদিক ভ্লাদিমির পোসনার বলেন, ‘আমরা কী দেখছি? দেখছি, প্রেসিডেন্টের ক্ষমতার কোনো সীমাবদ্ধতা নেই, ক্ষমতার ভারসাম্য বলতে কিছু নেই।’ তিনি আরও বলেন, ‘ফোর্থ স্টেট (গণমাধ্যম) বলে কিছু নেই, এমনকি থার্ড স্টেট বা সেকেন্ড স্টেট বলেও কিছু নেই। আছে শুধু ফার্স্ট স্টেট, তা হলো প্রেসিডেন্সি।’
কার্নেগি মস্কো সেন্টারের বিশ্লেষক লিলিয়া সেভোৎসোভা বলেন, খোদোরকোভস্কিকে মুক্তি দেওয়ার মাধ্যমে পুতিন বহির্বিশ্বে তাঁর ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা করেছেন, বিষয়টি এমন নয়। বরং এর মাধ্যমে তিনি তাঁর দোষ স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, পুতিন এমন একজন ব্যক্তি, যিনি শাস্তি দিতে পারেন, আবার পছন্দ হলে ক্ষমাও করে দিতে পারেন।
সেভোৎসোভার মতোই মনে করেন দাবায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন গ্যারি কাসপরভ। তিনি বলেন, অলিম্পিক সামনে রেখে খোদোরকোভস্কিসহ হাজার হাজার বন্দীকে মুক্তি দেওয়ার উদ্যোগ নিয়েছেন পুতিন। এটা তাঁর ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা। আবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে পশ্চিমা দেশগুলো যাতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ না করে, সেই বিবেচনাও এতে কাজ করেছে।
আন্তর্জাতিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশ কিছু বিষয়ে চ্যালেঞ্জে গেছেন প্রেসিডেন্ট পুতিন। বিশেষ করে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক চুক্তিভিত্তিক কর্মী এডওয়ার্ড স্নোডেনকে রাজনৈতিক আশ্রয় দিয়ে সরাসরি ওয়াশিংটনের ইচ্ছার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আর সিরিয়ার পক্ষে অবস্থান নিয়ে একটি যুদ্ধ ঠেকিয়ে দিয়েছেন। মূলত মস্কোর কারণেই প্রায় সামরিক অভিযানকে আপাতত পাশ কাটিয়ে সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের পরিকল্পনায় রাজি হতে হয়েছে ওয়াশিংটনকে।
পুতিন নিজের ক্ষমতার নিয়ন্ত্রণ শক্ত করার জন্য যেসব কাজ করছেন, সেগুলোর মধ্যে ঝুঁকিও রয়েছে। খোদোরকোভস্কি তাঁর অর্থবিত্ত পুতিনকে সরিয়ে দেওয়ার কাজে নিয়োজিত করতে পারেন, ইউক্রেনকে দেওয়া ঋণ দেশটির অর্থনীতিতে গতি আনতে ব্যর্থ হলে তার প্রভাব পড়তে পারে রুশ অর্থনীতিতে, উল্টো ফল বয়ে আনতে পারে আরআইএ-নভোস্তির পুনর্গঠনও।
তবে পুতিনের সমর্থকেরা বলছেন, বৃহত্তর রাশিয়া গড়ার পথে রয়েছেন প্রেসিডেন্ট পুতিন। শচি অলিম্পিকের সফল আয়োজন তার একটি বড় প্রমাণ। নিউইয়র্ক টাইমস।