অপ্রিয় নেতার তালিকার শীর্ষে মমতা
টাইম সাময়িকীতে বিশ্বের সেরা ১০০ জন প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় এবার উঠে এসেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। এবার সার্চ ইঞ্জিন ইয়াহু ভারতের ১০ জন অপ্রিয় রাজনীতিকের একটি তালিকা তৈরি করেছে। সেই তালিকার শীর্ষেও উঠে এসেছে মমতার নাম। এ তালিকায় মমতার পর রয়েছেন কংগ্রেস সভানেত্রী ও ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম, বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি, গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি, সাবেক টেলিকমমন্ত্রী এ রাজা, তামিলনাড়ুর সাংসদ কানিমোঝি, উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতী, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শারদ পাওয়ার, কমনওয়েলথ গেমসের দুর্নীতির অভিযোগে যুক্ত ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি সুরেশ কালমাদি প্রমুখ। ইয়াহু জানিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর আশা করা হয়েছিল, সিপিএমের চেয়ে ভালো সরকার চালাবেন তিনি। কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে একের পর এক সরকারের স্বেচ্ছাচারিতার ঘটনা ঘটতে থাকে। ধর্ষণের ঘটনাকে সাজানো ঘটনা বলতেও তিনি দ্বিধাবোধ করেননি। যে মহিলা পুলিশ কর্মকর্তা ধর্ষণের ঘটনাকে প্রমাণ করেন, ওই মহিলা পুলিশ কর্মকর্তাকেও সরিয়ে দেন তিনি। এরপর কার্টুন কাণ্ডে অধ্যাপক গ্রেপ্তার হন। বস্তি উচ্ছেদবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় একজন বিজ্ঞানীকে। তারপর তৃণমূল নেতা-কর্মীদের সিপিএমের সঙ্গে কোনো সামাজিক সম্পর্ক না রাখারও পরামর্শ দেওয়া হয়। তৃণমূলের কোনো আত্মীয় সিপিএমে থাকলে তাঁকেও বর্জন করার নির্দেশ দেওয়া হয়। এসব ঘটনায় মুখ্যমন্ত্রী মমতার নেতিবাচক দিকটা স্পষ্ট হয়। অন্যদিকে মমতার এসব মনোভাবের তীব্র সমালোচনা করেছে দি ইকোনমিস্ট তাদের একটি নিবন্ধে। ‘মিস চিফ মিনিস্টার’ শিরোনামে প্রকাশিত ওই প্রবন্ধে মমতার সরকারের গৃহীত বিভিন্ন নীতির কড়া সমালোচনা করা হয়।