চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও গতকাল শনিবার সফরে নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৌঁছেছেন। গত এক দশকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের কোনো নেতার নেপালে এটাই প্রথম সফর।জিয়াবাওয়ের এই সফরের আলোচ্যসূচির বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা না হলেও বিশ্লেষকেরা ধারণা করছেন, নেপালে অবকাঠামো খাতের বিভিন্ন প্রকল্পে বেইজিং কোটি কোটি ডলার বিনিয়োগ করতে পারে। এ বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই ও জিয়াবাওয়ের মধ্যে বৈঠক হতে পারে।বাবুরামের ব্যক্তিগত সচিব বিশ্বদীপ পান্ডে জানান, কাঠমান্ডুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর জিয়াবাওকে স্বাগত জানান নেপালের প্রধানমন্ত্রী। এরপর জিয়াবাওকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় রাজনীতি ও অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে বৈঠক হওয়ার কথা।অর্থমন্ত্রী বর্ষা মান পুন বলেন, দুই নেতা ‘নেপালে চীনের সহায়তাবিষয়ক’ কয়েকটি চুক্তিতে সই করবেন এবং নেপালের অভ্যন্তরীণ শান্তি-প্রক্রিয়া নিয়েও আলোচনা করবেন।ধারণা করা হচ্ছে, জিয়াবাও তিব্বতের বিষয়ে বেইজিংয়ের নীতির প্রতি নেপালের সমর্থন চাইবেন। তিব্বতে চীনা শাসনের বিরুদ্ধে সম্প্রতি বেশ কয়েকজন তিব্বতি শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছেন। এএফপি।