অবরুদ্ধ হোমস থেকে নিরাপদে সরানো হল ৮৩ জনকে
সিরিয়ার অবরুদ্ধ হোমস শহর থেকে এরই মধ্যে ৮৩ জন বেসামরিক নাগরিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। গতকাল শুক্রবার এএফপির খবরে এ কথা জানানো হয়।
শহরটি থেকে নিরপরাধ নাগরিকদের নিরাপদ পথ করে দিতে সম্মত হয়েছে আসাদ সরকার। এরই অংশ হিসেবে গতকাল থেকে সেখানে তিন দিনব্যাপী মানবিক উদ্ধার অভিযান শুরু করেছে জাতিসংঘ। সিরিয়ায় কর্মরত রেড ক্রসও এ উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে।
জাতিসংঘের মুখপাত্র ফারহান হক জানান, মূলত নারী, শিশু ও বৃদ্ধদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। শহরটির কয়েকটি স্থানে বন্দুকযুদ্ধের খবর পাওয়া গেলেও এ অবস্থার মধ্যেই উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে।
বাশারবিরোধী বিদ্রোহীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত হোমস দেড় বছরেরও বেশি সময় ধরে অবরুদ্ধ করে রেখেছে সিরিয়ার সেনাবাহিনী। এখানে ২০১২ সালের জুন মাস থেকে প্রায় তিন হাজার মানুষ আটকা পড়েছে। এর ফলে ওই শহরে খাদ্য-ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের চরম অভাব দেখা দিয়েছে। এখনো শহরটির অনেক অসুস্থ ও যুদ্ধাহত ব্যক্তি বিদ্রোহীদের হাতে বন্দী। আজ শনিবার থেকে জাতিসংঘের মানবিক সহায়তার ত্রাণ সামগ্রীবাহী ট্রাকও প্রবেশ করার কথা হোমসে।
সিরিয়ায় সহিংসতা বন্ধের পথ খুঁজতে জেনেভায় শান্তি সম্মেলনের পরবর্তী পর্বে যোগ দেওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছে দেশটির সরকার।