সিরিয়ার অবরুদ্ধ হোমস শহর থেকে প্রথম দফায় ৮৩ জন বেসামরিক নাগরিক বেরিয়ে আসতে পেরেছে। এরপর গতকাল শনিবার প্রথমবারের মতো শহরটিতে মানবিক সহায়তার জন্য বেশ কয়েকটি ত্রাণবাহী ট্রাক ঢুকেছে।
সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমস। শহরটি গত প্রায় দেড় বছর ধরে অবরুদ্ধ থাকার পর গত শুক্রবার সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর অবরুদ্ধ অবস্থা থেকে বেসামরিক নাগরিকদের মুক্তি ও শহরটির অভ্যন্তরে ত্রাণ পাঠানোর কার্যক্রম শুরু হয়।
সিরিয়ায় জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রমের সমন্বয়ক ইয়াকুব এল-হিলো বলেন, হোমস থেকে অবরুদ্ধ মানুষ প্রথম দফায় বের হওয়ার পর পর ত্রাণবাহী ট্রাক হোমসে প্রবেশ করা শুরু হয়েছে।
জাতিসংঘের মুখপাত্র ফারহান খান জানান, হোমস থেকে অবরুদ্ধ বেসামরিক নাগরিকের সরিয়ে আনা ও ত্রাণবাহী ট্রাক ভেতরে ঢোকার প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন, ‘আমরা হোমসের প্রতিটি প্রান্তে ত্রাণ পৌঁছাতে চাই। তবে শুক্রবারও সেখানে বিচ্ছিন্নভাবে গুলির শব্দ
শোনা গেছে।’
মুখপাত্র ফারহান আরও জানান, গত শুক্রবার প্রথম দফায় হোমস শহর থেকে ৮৩ জন বেসামরিক নাগরিক বেরিয়ে এসেছেন। এ সময় শুধু নারী, শিশু ও বৃদ্ধদেরই বেরিয়ে আসার অনুমতি দেওয়া হয়েছে। প্রথম দফায় তরুণ বা পূর্ণ বয়স্ক কোনো পুরুষকে দেখা যায়নি। তিনি জানান, মুক্তি পাওয়া সবাইকে তাঁদের পছন্দমতো এলাকায় পৌঁছে দেওয়া হয়েছে। জাতিসংঘ ও সিরিয়ার রেড ক্রিসেন্টের কর্মীরা এই দায়িত্ব পালন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেরিয়ে আসা ব্যক্তিদের অনেককেই অস্থিচর্মসার দেখা গেছে। পর্যাপ্ত খাবারের অভাবে দুর্বলতার বিষয়টি ছিল চোখে পড়ার মতো।
কাল রোববার দ্বিতীয় দফায় আরও বেসামরিক নাগরিককে হোমস থেকে বের করে আনা হবে। এ প্রসঙ্গে স্থানীয় ধর্মীয় নেতা আবদুল হারেত আল-খালিদি ইন্টারনেটের মাধ্যমে বার্তা সংস্থাকে জানান, রোববার অনেক নারী ও শিশুকে উদ্ধারের পরিকল্পনা রয়েছে।
যুদ্ধবিরতি কত দিন?: হোমস শহর থেকে অবরুদ্ধ মানুষকে বের করে আনা ও সেখানে ত্রাণ পাঠানোর জন্য কত দিনের যুদ্ধবিরতি হয়েছে, তা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
সিরিয়ায় সহিংসতা শুরু হওয়ার পর থেকে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত রাশিয়া জানিয়েছে, দুই পক্ষের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি হয়েছে। অন্যদিকে বিভিন্ন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে, চার দিনের যুদ্ধবিরতি হয়েছে।
বিবিসি ও এএফপি।