নিষেধাজ্ঞা অমান্য করে রকেট উৎক্ষেপণ করায় উত্তর কোরিয়ার ওপর আরোপিত অবরোধ আরও কঠোর করার নির্দেশ দিয়েছে জাতিসংঘ। সেই সঙ্গে নতুন করে কোনো পারমাণবিক পরীক্ষা না চালানোর ব্যাপারে সতর্ক করে দিয়েছে সংস্থাটি।১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদের সদস্য উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ সহযোগী চীন এবং পরমাণু শক্তিধর পাকিস্তানও রকেট উৎক্ষেপণের নিন্দা জানিয়ে এশিয়ার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শককে উত্তর কোরিয়া তাদের পরমাণু কর্মসূচি পরিদর্শনের অনুমতি দেবে না বলার পর তাদের বিরুদ্ধে ওই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় নিরাপত্তা পরিষদ। পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত করার বিনিময়ে উত্তর কোরিয়াকে দুই লাখ ৪০ হাজার টন জরুরি খাদ্যসহায়তা দেওয়ার চুক্তি করে যুক্তরাষ্ট্র। ওই চুক্তির প্রধান অংশ হিসেবে আইএইএর পরিদর্শন করার কথা ছিল।২০০৬ ও ২০০৯ সালে পারমাণবিক পরীক্ষা চালানোর পর উত্তর কোরিয়ার ওপর অবরোধ আরোপ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। পরিষদের সদস্যরা গত সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বৈঠক করে এবং অবরোধের ওই তালিকায় দুই সপ্তাহের মধ্যে নতুন বিষয় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয়। এ ছাড়া আন্তর্জাতিক ব্যবস্থার অধীনে সম্পদ জব্দ করার জন্য উত্তর কোরিয়ার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা পুনর্মার্জনের নির্দেশ দেওয়া হয়েছে অবরোধবিষয়ক কমিটিকে।নিরাপত্তা পরিষদের নির্দেশের ব্যাপারে তাৎক্ষণিক মন্তব্য করেনি জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার মিশন। তবে প্রতিবেশী জাপান ও দক্ষিণ কোরিয়া নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।নিরাপত্তা পরিষদ জানিয়েছে, উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণের কিছুক্ষণের মধ্যে পীতসাগরে বিধ্বস্ত হলেও তা জাতিসংঘের ১৭১৮ ও ১৮৭৪ প্রস্তাবের গুরুতর লঙ্ঘন। ওই ঘটনার তীব্র নিন্দা জানায় পরিষদ। যদিও উত্তর কোরিয়ার দাবি, আবহাওয়া পর্যবেক্ষণ ও দেশের প্রাকৃতিক সম্পদের জরিপ করতে তারা কক্ষপথে উপগ্রহ পাঠানোর উদ্দেশ্যে রকেট উৎক্ষেপণ করে। কিন্তু যুক্তরাষ্ট্র ও তার সহযোগী দেশের ভাষ্যমতে, উত্তর কোরিয়া ওই রকেট উৎক্ষেপণের আড়ালে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে চেয়েছিল। নিরাপত্তা পরিষদের নির্দেশকে স্বাগত জানিয়ে টোকিও বলেছে, উত্তর কোরিয়ার উচিত জাতিসংঘের নির্দেশ মেনে এবং আর কোনো উৎক্ষেপণ ও পারমাণবিক পরীক্ষা বা উসকানিমূলক ব্যবস্থা নেওয়া উচিত নয়।উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়ে সিউল বলেছে, কোরীয় উপদ্বীপ এবং উত্তর-পূর্ব এশিয়ার শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন উসকানিমূলক কাজ পিয়ংইয়ংয়ের বন্ধ করা উচিত। এএফপি।