অবরোধ তুলে নিয়ে মিয়ানমারে সহায়তা বাড়াবে অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের ওপর থেকে ভ্রমণ ও অর্থনৈতিক অবরোধ তুলে নিয়ে দেশটিতে অর্থনৈতিক সহায়তার পরিমাণ বাড়াবে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বব কার এ কথা জানিয়েছেন।মিয়ানমার সফর শেষে গত বৃহস্পতিবার দেশে ফিরে অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৫ সালের মধ্যে মিয়ানমারে সহায়তার পরিমাণ নয় কোটি ৮৫ লাখ মার্কিন ডলার পর্যন্ত বাড়ানো হবে। দেশটিতে চলমান সংস্কার-প্রক্রিয়া অব্যাহত রাখতে অবরোধ তুলে নেওয়া প্রয়োজন। এ ব্যাপারে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই কাজ শুরু করা হবে। তবে প্রয়োজনে এসব অবরোধ পুনর্বহাল করা হতে পারে।মিয়ানমার সফরে দেশটির প্রেসিডেন্ট থেইন সেইন ও বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির সঙ্গে সাক্ষাৎ করেন বব কার। মিয়ানমারের দ্বিপক্ষীয় সাহায্য দাতাদেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়ার অবস্থান দ্বিতীয়। প্রেসিডেন্ট থেইন সেইনসহ মিয়ানমারের প্রায় ২৬০ জন নাগরিকের ওপর থেকে ভ্রমণ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা গত এপ্রিলে তুলে নেয় অস্ট্রেলিয়া। তবে দেশটির ওপর অস্ত্র অবরোধ বহাল রেখেছে অস্ট্রেলিয়া।অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও মিয়ানমারকে সাহায্যের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। মিয়ানমারে বৈদেশিক সাহায্যের পরিমাণ আগামী বছর ৩০ শতাংশ বাড়ানো হবে। এর আগে মিয়ানমারের ওপর থেকে অবরোধ প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্র। দেশটিতে কয়েক দশকব্যাপী সামরিক শাসনের অবসানের পর ২০১০ সালে বেসামরিক সরকার ক্ষমতা গ্রহণ করে এবং সংস্কার-প্রক্রিয়া শুরু করে। এতে সন্তুষ্ট হয়ে পশ্চিমা বিভিন্ন দেশ মিয়ানমারের ওপর থেকে ধীরে ধীরে অবরোধ প্রত্যাহারের উদ্যোগ নিচ্ছে।অবরোধ পুরোপুরি প্রত্যাহারের আহ্বান: মিয়ানমারে বিদেশি বিনিয়োগে বাধা সৃষ্টিকারী বিভিন্ন অবরোধ সম্পূর্ণ তুলে নিতে গতকাল শুক্রবার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট থেইন সেইনের প্রধান রাজনৈতিক উপদেষ্টা উ কো কো হ্লাইং। তিনি বলেছেন, অবরোধ পুরোপুরি প্রত্যাহার না হওয়া পর্যন্ত বিনিয়োগকারী দেশগুলো ‘অপেক্ষা করা এবং পর্যবেক্ষণের’ নীতি অনুসরণ করছে। বিবিসি ও এএফপি।