অবরোধ তুলে নেওয়ার দাবি ইরানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের আরোপিত অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান। আগামী সপ্তাহে ইরাকের রাজধানী বাগদাদে বিশ্বশক্তির সঙ্গে দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে বৈঠকে অনুষ্ঠিত হবে। ওই আলোচনায় যাতে অবরোধ তুলে নেওয়া হয়, সে জন্য আহ্বান জানিয়েছে দেশটি।গতকাল শনিবার ইরান বলছে, শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে পারমাণবিক ‘অধিকার’ থেকে দেশটিকে বিরত রাখা যাবে না।দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারাস্ত রাষ্ট্রীয় পত্রিকা দৈনিক ইরানকে বলেন, ইরান ও তার পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমারা যে ‘ভুল’ পথে চলেছে, অবরোধ তুলে নেওয়ার মাধ্যমে তাদের অবস্থানগত পরিবর্তনের ‘প্রথম ইঙ্গিত’ দেওয়া উচিত।অবশ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র দাবি করেন, ইরানের ওপর আরোপিত অবরোধের আইনি কোনো ভিত্তি নেই। তবে তিনি এ-ও স্বীকার করেন, অবরোধ আরোপ করায় ইরানের কোনো মানুষই খুশি নয়। মানুষের ধারণা, অবরোধের কারণে তাদের সমস্যা হতে পারে। কিন্তু তিনি দাবি করেছেন, অবরোধ সত্যিকার অর্থে ইরানের ওপর তেমন কোনো তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারেনি।২৩ মে ইরান বিশ্বের শক্তিশালী ছয়টি দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবে। ওই ছয়টি দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া ও জার্মানি। দীর্ঘ সময় ইরানের সঙ্গে ছয় জাতির এ আলোচনা বন্ধ ছিল। গত এপ্রিলে ওই আলোচনা আবার শুরু হয়। এর প্রায় ১৫ মাস আগে তুরস্কের ইস্তাম্বুলে ইরানের সঙ্গে ছয় জাতির সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।রামিন মেহমানপারাস্ত বলেন, ‘পশ্চিমারা যদি ভেবে থাকে, অবরোধের কারণে আমরা আমাদের অধিকার (পরমাণু কর্মসূচি) বিসর্জন দেব, তাহলে তারা নিঃসন্দেহে ভুল করবে।’ তিনি বলেন, ইরান পরমাণু কার্যক্রম বন্ধ করবে না।পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেন, অবরোধের কারণে ইরানের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে—এটি পশ্চিমাদের অপপ্রচার এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ ছাড়া আর কিছুই নয়।ইরান সরকার দাবি করেছে, বাণিজ্য, ব্যাকিং খাত ও তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলেও তা দেশটির অর্থনীতিতে কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি।তবে বিশেষায়িত বেশ কিছু ওয়েবসাইটের দেওয়া তথ্যমতে, সাম্প্রতিক মাসগুলোতে ইরানে অবিক্রীত অপরিশোধিত তেলের মজুদ উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন অরগানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ (ওপেক) জানিয়েছে, গত দুই বছরে ইরান তেল উৎপাদনের পরিমাণ ১৫ শতাংশ কমিয়েছে। ওপেকের হিসাব অনুযায়ী, গত এপ্রিলে ইরান প্রতিদিন ৩২ লাখ ব্যারেল তেল উৎপাদন করেছে, যা ছিল গত ২০ বছরের মধ্যে সর্বনিম্ন। এএফপি।