অবরোধ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল নিয়ে সৃষ্ট সংকট নিয়ে রাশিয়ার ওপর মার্কিন অবরোধ আরোপের বিষয়ে সতর্ক করেছে দেশটি। গতকাল শুক্রবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ টেলিফোনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে এ ব্যাপারে সতর্ক করেন।


জন কেরিকে টেলিফোনে লাভরভ বলেন, ইউক্রেন নিয়ে রাশিয়ার ওপর অবরোধ আরোপ যুক্তরাষ্ট্রের ক্ষতি করবে।
রাশিয়ার পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, দুই পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোন আলাপে লাভরভ কেরিকে সতর্ক করে বলেন, রাশিয়ার ওপর ‘দ্রুত ও তাত্ক্ষণিক’ অবরোধ আরোপ রাশিয়া-মার্কিন সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে। এমনকি এটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যই বুমেরাং হিসেবে কাজ করতে পারে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, টেলিফোন আলাপে একটি কূটনৈতিক উপায়ে ইউক্রেন সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করেন জন কেরি, যা ইউক্রেনের জনগণ, রাশিয়া ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য হবে। এ বিষয়ে আলোচনা চালিয়ে যেতে দুই নেতা সম্মত বলে জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর।