অবশেষে অনুমতি দিলেন রাউল কাস্ত্রো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশবাসীর প্রচণ্ড দাবির কাছে নতি স্বীকার করে কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো অবশেষে জনগণকে তাদের নিজের অর্থে ঘরবাড়ি নির্মাণের অনুমতি দিয়েছেন। কমিউনিস্ট শাসিত এ দেশে এত দিন ঘরবাড়ি নির্মাণ করে দিত সরকার। কিউবার গোটা অর্থনীতিও সরকার নিয়ন্ত্রণ করে থাকে। এএফপি।এক কোটি ১২ লাখ জনসংখ্যা অধ্যুষিত কিউবাতে বর্তমানে বাড়িঘরের প্রচণ্ড সংকট চলছে। গত দুই বছরে দেশটির ওপর দিয়ে দুটি প্রচণ্ড ঝড় বয়ে যায়। এতে এ দ্বীপরাষ্ট্রের পাঁচ লাখের বেশি বাড়িঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে দেশজুড়ে আবাসন-সংকট প্রকট আকার ধারণ করে। সরকারের আশায় বসে না থেকে দেশবাসী নিজেদের অর্থ খরচ করে নতুন বাড়িঘর নির্মাণ ও সংস্কারের দাবি জানায়। এর পরিপ্রেক্ষিতেই গত মঙ্গলবার প্রেসিডেন্ট কাস্ত্রো ওই সিদ্ধান্ত নেন। এ সিদ্ধান্তের ফলে জনগণ এখন থেকে নিজেদের অর্থে নতুন বাড়ি নির্মাণ এবং পুরোনো বাড়ির সংস্কার ও সম্প্রসারণ করতে পারবে।কিউবা সরকার ২০০৬ সালে জনগণের জন্য ঘরবাড়ি নির্মাণের এক পরিকল্পনা ঘোষণা করে। ওই পরিকল্পনা অনুযায়ী, প্রতিবছর এক লাখ বাড়ি নির্মাণের কথা বলা হলেও কার্যত নির্মাণ করা হয় তার অর্ধেক। কিউবার ৮০ শতাংশের বেশি লোকের নিজস্ব বাড়ি থাকলেও তারা সেগুলো বিক্রি করতে পারে না।