অবশেষে অনুষ্ঠিত হলো নতুন প্রেসিডেন্ট নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপে গতকাল শনিবার নতুন করে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দুবারের প্রচেষ্টায়ও একজন প্রেসিডেন্ট বেছে নিতে ব্যর্থ হওয়ার পর তৃতীয়বার এই ভোটের আয়োজন করল মালদ্বীপ। এর মধ্য দিয়ে ভারত মহাসাগরীয় ক্ষুদ্র দ্বীপদেশটিতে ২১ মাসের রাজনৈতিক সংকট অবসানের আশা করা হচ্ছে।
মালদ্বীপের প্রথম অবাধ নির্বাচনে জয়ী নেতা মোহাম্মদ নাশিদ ২০১২ সালে এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। এর পর থেকেই দেশটিতে রাজনৈতিক অস্থিরতা চলে আসছে।
গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত প্রথমবারের নির্বাচনের ফল সর্বোচ্চ আদালত বাতিল করার পর নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়। তবে ভোটার তালিকা নিয়ে জটিলতার জের ধরে ওই নির্বাচনও স্থগিত করে দেয় দেশটির পুলিশ। শেষ মুহূর্তে প্রার্থীরা চলতি সপ্তাহের শুরুতে সমঝোতায় পৌঁছান এবং ভোটার তালিকায় সই করেন। আদালতের আদেশে বলা হয়েছিল, ভোটার তালিকায় সব প্রার্থীর সই থাকলেই কেবল নির্বাচন হতে পারবে।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ-উদ্দীপনা দেখা যায়। ভোটকেন্দ্র খুলে দেওয়ার অনেক আগেই নারী-পুরুষেরা হাজির হয়ে লম্বা সারিতে দাঁড়িয়ে পড়েন।
নির্বাচন কমিশনের কর্মকর্তা আইশাথ রিমা বলেন, মালদ্বীপজুড়ে ৪৭৫টি কেন্দ্রে এবং মালদ্বীপের নাগরিকেরা থাকেন—এমন কয়েকটি দেশের রাজধানীতে ভোট নেওয়া হয়।
আজ রোববার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। নিয়ম অনুযায়ী, ফলাফলে যদি কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশের বেশি ভোট না পান, তবে দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হবে।
৭ সেপ্টেম্বর প্রথম দফার নির্বাচনের ফলাফল বাতিল হওয়ার পর থেকে মালদ্বীপের ওপর প্রচণ্ড আন্তর্জাতিক চাপ আসে। ছয় সপ্তাহ পরে দ্বিতীয়বার নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হলেও আদালতের নির্দেশনার যুক্তি দিয়ে ভোটের দিন তা স্থগিত করে দেয় পুলিশ বাহিনী। তখন এই সন্দেহ ঘনীভূত হয় যে, দেশটির কর্তৃপক্ষ যেকোনো মূল্যে নাশিদের ক্ষমতায় প্রত্যাবর্তন ঠেকাতে চাইছে। এএফপি ও বিবিসি।