অবশেষে আরাফাতের দেহাবশেষের ময়নাতদন্ত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাতের দেহাবশেষের ময়নাতদন্ত করা হচ্ছে। এ জন্য সুইজারল্যান্ডের বিশেষজ্ঞদের পশ্চিম তীরে আমন্ত্রণ জানানো হয়েছে। আরাফাতের মৃত্যুর ঘটনার প্রধান তদন্তকারী এ কথা জানিয়েছেন।প্রধান তদন্তকারী তৌফিক তিরাবি এ বিষয়ে বিস্তারিত জানাননি। তবে সুইজারল্যান্ডের ইনস্টিটিউট অব রেডিয়েশন ফিজিকস আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছে। সুইস প্রতিষ্ঠানটির মুখপাত্র ডার্সি ক্রিস্টিন গত বুধবার বলেন, ‘কর্তৃপক্ষের এই চাহিদা অনুযায়ী আমরা কীভাবে উপযুক্তভাবে কাজ করব, তা নিয়ে গবেষণা করে দেখছি। তদন্তে যেকোনো মূল্যে স্বতন্ত্র, বিশ্বাসযোগ্য এবং স্বচ্ছতার নিশ্চয়তা প্রদান করা আমাদের মূল লক্ষ্য।’ ২০০৪ সালে ফ্রান্সের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইয়াসির আরাফাত। গত মাসে সুইজারল্যান্ডের ইনস্টিটিউট অব রেডিয়েশন ফিজিকসের বিশেষজ্ঞরা পরীক্ষা করে ইয়াসির আরাফাতের ব্যবহূত পোশাকে বিষাক্ত পলোনিয়ামের অস্তিত্ব শনাক্ত করেন। এরপর ইয়াসির আরাফাতের দেহাবশেষের ময়নাতদন্তের বিষয়টি আলোচনায় আসে। তবে এ নিয়ে দোটানায় ছিল ফিলিস্তিনের কর্মকর্তারা। আল জাজিরা।