অবশেষে আলোচিত তেলেঙ্গানা বিল পাস
তুমুল হট্টগোলের মধ্যে প্রায় বিনা বিতর্কে গতকাল মঙ্গলবার ভারতের লোকসভায় পাস হয়ে গেল তেলেঙ্গানা বিল। দফায় দফায় লোকসভা মুলতবি করে কঠোর নিরাপত্তার মধ্যে শেষ পর্যন্ত বিকেল পৌনে পাঁচটার দিকে বিজেপির সমর্থনে বিলটি পাস হয়।
আজ বুধবার রাজ্যসভায় এই তেলেঙ্গানা বিল পাস হতে পারে। এরপর রাষ্ট্রপতি সই করলেই তেলেঙ্গানা হবে ভারতের ২৯তম রাজ্য। বিল পাসের খবরে তেলেঙ্গানাজুড়ে শুরু হয়ে গেছে উৎসব। অন্যদিকে অন্ধ্র প্রদেশের সীমান্ধ্রজুড়ে ছিল হতাশা ও ক্ষোভ। অবশ্য, বিল পাসকে সামনে রেখেই আগে থেকে সীমান্ধ্র অঞ্চলে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয় সরকার।
অপ্রীতিকর কিছু ঘটতে পারে—এমন আশঙ্কায় বিলটি নিয়ে বিতর্ক শুরুর অন্তত এক ঘণ্টা আগে লোকসভার সরাসরি টেলিভিশন সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। গতকাল বেলা তিনটায় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে বিল পাসের অনুমতি চেয়ে সভায় সংক্ষিপ্ত ভাষণে বলেন, হায়দরাবাদ ১০ বছরের জন্য তেলেঙ্গানা ও সীমান্ধ্রের যৌথ রাজধানী থাকবে। এর মধ্যে সীমান্ধ্রের নতুন রাজধানী তৈরিতে কেন্দ্র সব সহায়তা করবে।
বিল পাসের পর সীমান্ধ্র নেতা জগনমোহন বলেন, মঙ্গলবার ভারতীয় লোকসভার কালো দিন। তৃণমূল কংগ্রেসের দীনেশ ত্রিবেদী বলেন, দেশে জরুরি অবস্থার দিন ফিরিয়ে আনল কংগ্রেস। সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদব বলেন, কংগ্রেস আবার দেশ ভাগ করার খেলায় মেতেছে।
তেলেঙ্গানা বিল পাস নিয়ে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় টিভি সম্প্রচার। বিল নিয়ে বিতর্কের অবকাশও তেমন রাখা হয়নি। লোকসভার বিরোধীদলীয় নেত্রী সুষমা স্বরাজ পৃথক তেলেঙ্গানা সৃষ্টিতে তাঁদের দীর্ঘদিনের প্রতিশ্রুতির কথা জানিয়ে কংগ্রেসের সমালোচনা করে বলেন, তাঁদের আমলে তিনটি রাজ্য গঠন করা হয়েছিল। কিন্তু কোথাও এমন গোলমাল হয়নি। তিনি আরও বলেন, কংগ্রেস দলের সদস্যদেরও একজোট রাখতে পারেনি। ফলে জোর-জবরদস্তি করে বিলটি পাস করানো হচ্ছে।
অবশ্য, স্পিকার মীরা কুমার বলেন, একটা সমস্যা ছিল, যার কারণে সরাসরি টিভি সম্প্রচার করা যায়নি। তাঁর এক সহকর্মী তাঁকে বলেছেন, সমস্যাটি ছিল যান্ত্রিক।
বিজেপি বিল সমর্থন করায় কংগ্রেসের পক্ষে বিল পাস করানো সহজ হয়ে গেল। বিল পাসের আগে তারা অন্ধ্রপ্রদেশের লোকসভার ১৭ জন সদস্যকে সাময়িক বরখাস্ত করে। এর পরও গতকাল কংগ্রেসের অন্ধ্রপ্রদেশের চার মন্ত্রীসহ তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, জনতা দল (সংযুক্ত), এআইএডিএমকে, সিপিএমদলীয় সদস্যরা বিলটির বিরোধিতা করেন। তাঁরা স্পিকারের টেবিলের কাছে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন।
গোলমালের কারণে এবং বিক্ষুব্ধ সদস্যরা নিজের আসনে যেতে অস্বীকার করায় ভোটাভুটির সময় স্পিকারের পক্ষে বোতাম টিপে ভোট দেওয়ার দাবি মানা সম্ভব হয়নি। কণ্ঠ ভোটেই পাস করা হয় বিলটি। লোকসভার ইতিহাসে এভাবে আগে কোনো বিল পাস হয়নি। সেদিক থেকে তেলেঙ্গানা বিল ইতিহাস সৃষ্টি করল। দীর্ঘ ৬০ বছরের দাবির পক্ষে-বিপক্ষে এত রক্তপাত, সহিংসতা, অশান্তি আর কখনো দেখা যায়নি।