অবশেষে ইউক্রেনীয় নেতার নতিস্বীকার

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটন আজ বৃহস্পতিবার জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানকোভিচ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তিবদ্ধ হতে রাজি হয়েছেন।
ক্যাথরিন গণমাধ্যমকে জানান, কয়েক দিন ধরে দেশটির রাজধানী কিয়েভে চলা ইউরোপীয় ইউনিয়নপন্থী বিক্ষোভকারীদের চাপের মুখে ইয়ানকোভিচ ইইউয়ের সঙ্গে চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছেন।
ক্যাথরিন অ্যাশটনের বরাত দিয়ে বিবিসি জানায়, প্রেসিডেন্ট ইয়ানকোভিচের সঙ্গে বৈঠকে তিনি চুক্তির ব্যাপারে আশ্বাস দিয়েছেন। তবে কবে তা সম্পন্ন হবে, সে ব্যাপারে ক্যাথরিন অ্যাশটন বিস্তারিত জানাননি।
কিয়েভের স্বাধীনতা চত্বরে বিক্ষোভের ঘটনায় ইউক্রেন সরকার ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের কঠোর প্রতিক্রিয়ার মুখে পড়েছে। অন্যদিকে মস্কো মনে করছে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইউক্রেনের বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হলে দেশটিতে রাশিয়ার বাজার নষ্ট হবে। এ কারণে রুশ কাস্টমস ইউনিয়নে বেলারুশ ও কাজাখস্তানের সঙ্গে ইউক্রেনকে যুক্ত করতে চাচ্ছে রাশিয়া।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মঙ্গলবার রুশ সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে বলেন, ইউক্রেন সমস্যার আশু সমাধান আশা করছি। রুশ কাস্টমস ইউনিয়নে ইউক্রেনের যোগদানের জন্য কোনো ধরনের বল প্রয়োগ করা হবে না। তিনি আরও বলেন, ‘আমরা কাউকে কিছু চাপিয়ে দিতে চাই না, কিন্তু ইউক্রেনের বন্ধুরা যৌথভাবে আমাদের সঙ্গে কাজ করতে চাইলে আমরা বিশেষজ্ঞ পর্যায়ে তা চলিয়ে যেতে তৈরি আছি।’