অবশেষে গ্রেপ্তার হলেন রাতকো ম্লাদিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে সন্দেভাজন বসনীয়-সার্ব যুদ্ধাপরাধী রাতকো ম্লাদিচকে গ্রেপ্তার করা হয়েছে। সার্বিয়ার পুলিশ রাজধানী বেলগ্রেড থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে উত্তরপূর্বাঞ্চলীয় জেনজানিন শহরের কাছে লাজারোভো গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে। প্রায় ১৬ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন ম্লাদিচ। অভিযোগ রয়েছে, বসনিয়ায় গৃহযুদ্ধ চলাকালে স্রেব্রেনিৎসা শহরে ঠান্ডা মাথায় কয়েক হাজার মুসলিমকে হত্যার মূল হোতা ছিলেন তিনি।ম্লাদিচকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সার্বিয়ার প্রেসিডেন্ট বরিস তাদিচ গতকাল বৃহস্পতিবার বলেছেন, ‘আজ আমাদের সাম্প্রতিক ইতিহাসের একটি অধ্যায়ের সমাপ্তি হলো।’ম্লাদিচকে গ্রেপ্তারে সার্বিয়ার প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, ‘আজ আন্তর্জাতিক ন্যায়বিচারের জন্য একটি ঐতিহাসিক দিন।’ গতকাল প্যারিসে ইউনেসকোর বৈঠক চলাকালে তিনি এ কথা বলেন।বসনিয়ায় ১৯৯৫ সালে গৃহযুদ্ধ চলাকালে বসনীয়-সার্ব সেনারা স্রেব্রেনিৎসায় শিশু-কিশোরসহ প্রায় আট হাজার মুসলিম পুরুষকে হত্যা করে। এ সময় বসনীয়-সার্ব সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন রাতকো ম্লাদিচ। বসনিয়ায় গৃহযুদ্ধ চলাকালে স্রেব্রেনিৎসার ঘটনাসহ যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধসহ বেশ কয়েকটি গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।২০০৮ সালে রাজনীতিক রাদোভান কারাদজিচকে গ্রেপ্তারের পর ম্লাদিচই ছিলেন সবচেয়ে উল্লেখযোগ্য সন্দেহভাজন যুদ্ধাপরাধী। অন্তত ১৬ বছর তিনি গ্রেপ্তার এড়াতে সমর্থ হন।সার্বিয়ার প্রেসিডেন্ট বলেছেন, ম্লাদিচ (৬৯) তাঁদের নিরাপত্তাবাহিনীর হেফাজতে রয়েছেন। তাঁকে হেগে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। স্রেব্রেনিৎসা উইমেন অ্যাসোসিয়েশনের প্রধান হাজরা ক্যাতিচ বলেছেন, ১৯৯৫ সালের গণহত্যায় স্বজন হারানো মানুষদের দীর্ঘ ১৬ বছরের প্রতীক্ষা শেষ হলো। এএফপি ও বিবিসি।