অবশেষে চালু হচ্ছে ‘বিপর্যয় হোটেল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে আগামী বছর বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল চালু হতে পারে। ১০৫ তলাবিশিষ্ট পিরামিড আকৃতির এই ভবনের সর্বোচ্চ তলায় স্থাপিত হোটেলটির নাম রিওগং হোটেল। তবে উদ্বোধনের আগেই এটি দেশটির দুর্বল অর্থনীতির প্রতীক বলে ‘হোটেল অব ডুম’ (বিপর্যয় হোটেল) নামে পরিচিতি পেয়েছে।বিশ্বখ্যাত ক্যাম্পিনস্কি হোটেল অ্যান্ড রিসোর্টস এই হোটেল পরিচালনা করবে। ক্যাম্পিনস্কি হোটেল অ্যান্ড রিসোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেটো উয়িটার জানান, আগামী জুলাই বা আগস্ট মাসে ভবনটি আংশিকভাবে খুলে দেওয়া হবে। ভবনটির সর্বোচ্চ তলার ১৫০টি কক্ষই শুধু হোটেল হিসেবে ব্যবহূত হবে। অন্যান্য তলায় থাকবে দোকান, রেস্তোরাঁ ও বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয়।উদ্বোধনের পর রিওগং হোটেলই হবে বিশ্বের ৪৭তম সর্বোচ্চ ভবন। এর উচ্চতা ৩৩০ মিটার (এক হাজার ১০০ ফুট)। আর ভবনের তলার দিক থেকে এটি হবে বিশ্বের পঞ্চম সর্বোচ্চ ভবন।বর্তমানে বিশ্বের সর্বোচ্চ ভবন সংযুক্ত আরব আমিরাতের বুর্জ খলিফা। এটি বুর্জ দুবাই নামেও পরিচিত। বুর্জ খলিফার উচ্চতা ৮২৯ দশমিক ৮ মিটার (দুই হাজার ৭২২ ফুট)।উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম জং ইলের নির্দেশে এই ভবনের কাজ শুরু হয় ১৯৮৭ সালে। ১৯৮৯ সালে ১৩তম বিশ্ব যুব ও ছাত্র উৎসবেই এই ভবন উদ্বোধনের কথা ছিল। কিন্তু অর্থনৈতিক মন্দার কারণে ১৯৯২ সালে ভবনটির নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। বিশ্লেষকদের মতে, এরপর অসম্পূর্ণ এই ভবনটি উত্তর কোরিয়ার নেতাদের কাছে অস্বস্তিকর একটি বিষয়ে পরিণত হয়। এ কারণেই উদ্বোধনের আগেই হোটেলটি ‘হোটেল অব ডুম’ নামে পরিচিতি পায়। ২০০৮ সালে মার্কিন স্কয়ার সাময়িকীর এক জরিপে পিয়ং ইয়ংয়ের অসমাপ্ত এই ভবনটি ‘মানব ইতিহাসের সবচেয়ে বাজে ভবন’ হিসেবে আখ্যায়িত হয়। অভিযোগ রয়েছে, ভবনটির কাঠামো দুর্বল এবং এতে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে। বিবিসি ও বিজনেস উইক।