নিউইয়র্কে ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাদেকের সঙ্গে রূঢ় আচরণের বিষয়ে অবশেষে গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি দুঃখ প্রকাশ করেছেন।
আজ বৃহস্পতিবার এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দেবযানীর ঘটনা নিয়ে ওয়াশিংটন-দিল্লি সম্পর্কে টানাপোড়েনের পরিপ্রেক্ষিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শংকর মেননের কাছে গতকাল ফোন করেন কেরি। দেবযানীর সঙ্গে মার্কিন আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা যে রূঢ় আচরণ করেছেন, সে বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন তিনি।
তবে দেবযানীকে যে কারণে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে যুক্তরাষ্ট্র আগের অবস্থানে অটল রয়েছে। মার্কিন প্রশাসন বলছে, ভারতের ওই কূটনীতিকের সঙ্গে যে ধরনের রূঢ় আচরণের অভিযোগ আনা হয়েছে, শুধু সে বিষয়েই দুঃখ প্রকাশ করেছেন কেরি।
গৃহকর্মীর ভিসায় মিথ্যা তথ্য সরবরাহের অভিযোগে গত সপ্তাহে নিউইয়র্কে ভারতীয় কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল দেবযানী খোবরাগাদেকে (৩৯) সন্তান নিয়ে বিদ্যালয়ে যাওয়ার পথে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি একজন গৃহকর্মীকে ভারত থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে যেসব তথ্য দিয়েছেন, তাতে মিথ্যাচার করেছেন। যুক্তরাষ্ট্রের পুলিশের দাবি, দেবযানী ওই গৃহকর্মীকে যে মজুরি দিচ্ছেন, তা যুক্তরাষ্ট্রের আইনানুযায়ী সর্বনিম্ন মজুরির চেয়ে কম। দেশটিতে সর্বনিম্ন মজুরি চার ডলার প্রতি ঘণ্টা।
যুক্তরাষ্ট্র পুলিশ দেবযানীকে কারাগারে বিবস্ত্র করে তল্লাশি করেছে, মাদকাসক্তদের সঙ্গে একই কক্ষে আটক করে রেখেছে এবং তাঁর ডিএনএ নমুনাও সংগ্রহ করেছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে নয়াদিল্লি। দিল্লিতে অবস্থানরত মার্কিন কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য বিমানবন্দরের বিশেষ পাস গত মঙ্গলবার প্রত্যাহার করেছে ভারত। মার্কিন দূতাবাসের জন্য আমদানি ছাড়পত্র স্থগিত করা হয়েছে। একই সঙ্গে নয়াদিল্লিতে মার্কিন দূতাবাসের বাইরে ব্যারিকেড তুলে নেওয়া হয়েছে। প্রত্যাহার করা হয়েছে পুলিশ।
ভারতে অবস্থিত মার্কিন বিদ্যালয়গুলোতে কর্মরত শিক্ষকদের ভিসা ও অন্যান্য তথ্য সরবরাহ করতে বলেছে সরকার। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ভারতীয়দের বেতন-সংক্রান্ত তথ্য দিতে এবং তাঁদের ব্যাংক হিসাব জানাতেও বলা হয়েছে। এ ছাড়া মার্কিন দূতাবাসের জন্য মদসহ সব ধরনের জিনিসপত্র আমদানি ছাড়পত্র বন্ধ করে দিয়েছে সরকার।
দেবযানীকে গতকাল জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনে নেওয়া হয়েছে। ফলে ভিয়েনা কনভেনশন অনুযায়ী তাঁর কূটনৈতিক রক্ষাকবচ আরও বেড়ে গেছে।
প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, দেবযানীকে নিয়ে যা ঘটেছে, তা অত্যন্ত নিন্দাজনক।
দেবযানীকে সসম্মানে ভারতে ফিরিয়ে না আনা পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ পার্লামেন্টে যাবেন না বলে গতকাল রাজ্যসভায় ঘোষণা দিয়েছেন।