অবশেষে তেলেঙ্গানাকে রাজ্যের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাল অংশটিই তেলেঙ্গানা
লাল অংশটিই তেলেঙ্গানা

ছয় দশকের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কংগ্রেস দল গতকাল মঙ্গলবার তেলেঙ্গানাকে পৃথক রাজ্যের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিল। সারা দিনের রাজনৈতিক তৎপরতা শেষে সন্ধ্যায় দলের ওয়ার্কিং কমিটির এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, অন্ধ্র প্রদেশের রাজধানী হায়দরাবাদ আগামী ১০ বছর দুই রাজ্যেরই রাজধানী থাকবে। ১০ বছর পর অন্ধ্র প্রদেশের জন্য নতুন রাজধানীর বিষয়টি পর্যালোচিত হবে। দলের ওয়ার্কিং কমিটির বৈঠকের পর কংগ্রেস সদর দপ্তরে সংবাদ সম্মেলনে কংগ্রেস মুখপাত্র অজয় মাকেন ও দিগ্বিজয় সিং জানান, এই রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী অন্ধ্র প্রদেশ সরকার তাদের প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠাবে। কেন্দ্রীয় সরকার তা বিবেচনা করার জন্য একটি ‘মন্ত্রী কমিটি’ গঠন করবে। এই প্রক্রিয়া শেষ হতে পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে।
এদিকে ক্ষমতাসীন দলের এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে তেলেঙ্গানাপন্থী নেতারা হায়দরাবাদের দাবিতে সরব হয়ে উঠেছেন। তেলেঙ্গানার দাবিতে কংগ্রেস ত্যাগ করা নেতা কেশব রাও বলেন, ‘হায়দরাবাদ আমাদেরই। এই রাজধানী ভাগাভাগি হতে দেব না।’ গতকাল সকাল থেকেই কেন্দ্রে অন্ধ্র প্রদেশের মন্ত্রীরা দল বেঁধে রাজ্য ভাগের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দেখা করেন তেলেঙ্গানার ভারপ্রাপ্ত এআইসিসির সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিংয়ের সঙ্গে। রাজ্যের মুখ্যমন্ত্রী কিরণ রেড্ডি। গত সোমবার তিনি তাঁর অসম্মতির কথা জানিয়ে চিঠি লিখেছিলেন সোনিয়া গান্ধীকে। সরকারের অন্যতম শরিক ন্যাশনাল কনফারেন্সের নেতা জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও নতুন রাজ্য গঠনের সিদ্ধান্তের বিরুদ্ধে। সরকারকে সতর্ক করে তিনি বলেন, এর ফলে দেশের বিভিন্ন জায়গায় ছোট রাজ্য গঠনের দাবি জোরালো হয়ে উঠবে। এ বিষয়টি সরকারের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। অন্ধ্র প্রদেশের উপকূলবর্তী এলাকা এবং রায়ালসীমা অঞ্চলে শান্তি রক্ষায় ১২০০ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে গোর্খা জনমুক্তি মোর্চা আগেই জানিয়েছে, তেলেঙ্গানা রাজ্য গঠিত হলে তারাও পৃথক গোর্খাল্যান্ড আদায় করে ছাড়বে। পৃথক বোড়োল্যান্ড বা বিদর্ভ রাজ্যের দাবিও পুরোনো। কংগ্রেস নেতৃত্ব মনে করছেন, তাঁরা না করলে পরবর্তী সরকার এই উদ্যোগ নিত এবং তাতে কংগ্রেসের লাভ কিছুই হতো না। তার চেয়ে এই সিদ্ধান্তের ফলে অন্তত তেলেঙ্গানায় কংগ্রেসের ফল মন্দের ভালো হবে।