অবশেষে ভারতে ফিরছেন ইতালির দুই মেরিন সেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির দুই মেরিন সেনাকে ভারতে ফেরত পাঠাতে রাজি হয়েছে রোম। দুই জেলেকে হত্যার ঘটনায় অভিযুক্ত ওই দুই সেনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না—এমন আশ্বাসে তাঁদের ভারতে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী গুইলিও তেরজি। গতকাল শুক্রবার এক সাক্ষাৎকারে ইতালির পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ইতালির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, ভারতের বিচারপ্রক্রিয়া অনুযায়ী ওই দুই মেরিন সেনার বিচার হবে। এদিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ গতকাল দেশটির পার্লামেন্টের উভয় কক্ষে এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন। লোকসভা ও রাজ্যসভাকে তিনি জানান, ইতালির দুই নৌসেনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না। সালমান খুরশিদ আরও জানান, দুই নৌসেনা ইতিমধ্যে ভারতের পথে রয়েছেন।ইতালির পররাষ্ট্রমন্ত্রী গুইলিও দেশটির দৈনিক লা রিপাবলিকাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘এর আগে আমাদের যে ভয় ছিল, এখন সেটা নেই। ভারত আমাদের এই নিশ্চয়তা দিয়েছে যে দুই মেরিন সেনাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হবে না।’ তিনি জানান, দুই দেশের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মনমোহন সিং গতকাল সাংবাদিকদের বলেন, ‘ইতালির দুই সেনাকে ভারতে স্বাগত জানাচ্ছি। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী দুই সেনা ফেরত আসছেন। ভারতের আইন অনুযায়ী তাঁদের বিচার হবে।’ সালমান খুরশিদ পার্লামেন্টকে জানান, দুই সেনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না—ইতালির সরকারকে এই নিশ্চয়তা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, দুই সেনা যদি সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে হাজির হন, তাহলে তাঁদের গ্রেপ্তারও করা হবে না।গত ১৫ ফেব্রুয়ারি ভারতের কেরালা উপকূলে একটি তেলের ট্যাংকারের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন ওই দুই মেরিন সেনা। একটি মাছ ধরার নৌকা ট্যাংকারের অদূরে পৌঁছালে নৌকা লক্ষ্য করে গুলি ছোড়েন তাঁরা। এতে দুই জেলে নিহত হন। এরপর ভারতের সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে ইতালির দুই সেনা নিজ দেশে ফেরেন। গত ১১ মার্চ ইতালি জানায় ওই দুই সেনাকে ভারতে ফেরত পাঠানো হবে না। এএফপি।