অবশেষে ভারতের কাছে রুশ রণতরি হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার বন্দরে রণতরি আইএনএস বিক্রমাদিত্য এনডিটিভি
রাশিয়ার বন্দরে রণতরি আইএনএস বিক্রমাদিত্য এনডিটিভি

অবশেষে চুক্তি অনুযায়ী সোভিয়েত আমলের একটি বিমানবাহী রণতরি সংস্কারের পর গতকাল শনিবার ভারতের কাছে হস্তান্তর করেছে রাশিয়া। রুশ গণমাধ্যম এ খবর দিয়েছে। নির্ধারিত সময়ের পাঁচ বছর পর এটি দেওয়া হল। গতকাল শনিবার সকালে উত্তর রাশিয়ার সেভেরোদভিনস্ক বন্দরে আনুষ্ঠানিকভাবে রণতরিটি ভারতকে হস্তান্তর করা হয়। এ সময় রুশ উপপ্রধানমন্ত্রী দিমিত্রি রগোজিন ও ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি উপস্থিত ছিলেন।

রণতরিটি থেকে রুশ পতাকা নামিয়ে সেখানে ভারতের নৌবাহিনীর পতাকা স্থাপন করা হয়। উল্লেখ্য, ভারতের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ রাশিয়া। অ্যাডমিরাল গোরশকভ নামের জাহাজটি ১৯৮৭ সালে সোভিয়েত নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়। ভারতকে দেওয়ার জন্য এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে আইএনএস বিক্রমাদিত্য।

রণতরিটি আধুনিকায়নের পর ২০০৮ সালে হস্তান্তরের জন্য দুই পক্ষের মধ্যে ২০০৪ সালে ৭৭ কোটি ১০ লাখ ডলারের চুক্তি হয়। কিন্তু নির্ধারিত সময়ে রণতরিটি সংস্কার করতে ব্যর্থ হয়ে বারবার সময় পিছিয়ে দেয় রাশিয়া। ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এ কারণে রণতরিটির সংস্কারে খরচ বেড়ে ২৩০ কোটি ডলারে ওঠে। এ বিলম্বের কারণে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। রাশিয়া বলেছে, কাজের পরিমাণ সম্পর্কে হিসাবে ভুল হওয়ার কারণেই হস্তান্তরের ভুল সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।
আশা করা হচ্ছে, রণতরিটি আগামী বছরের শুরুর দিকে ভারত পৌঁছাবে। এএফপি।