অবশেষে ভ্যাটিকানের চিমনিতে সাদা ধোঁয়া
ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেল চিমনি দিয়ে গতকাল বুধবার সাদা ধোঁয়া বেরিয়েছে। ব্যালট পোড়ানোর এ সাদা ধোঁয়া বের হওয়ার অর্থ হলো, নতুন পোপ নির্বাচনের কাজ সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে নির্বাচিত হয়েছেন নতুন পোপ; ক্যাথলিক খ্রিষ্টানদের চার্চের প্রধান। নতুন পোপ ষোড়শ বেনেডিক্টের স্থলাভিষিক্ত হবেন। গতকাল সকালে পোপ নির্বাচনের লক্ষ্যে ভোট গ্রহণ শুরু হয়। মধ্যাহ্নভোজের আগেই কার্ডিনালরা দুবার ভোট দিলেও পোপ নির্বাচন করা সম্ভব হয়নি। ফলে ব্যালট পুড়িয়ে কালো ধোঁয়া তৈরি করা হয়। মধ্যাহ্নভোজের পর আবার ভোট গ্রহণ শুরু হয়। রাতেই পোপ নির্বাচন চূড়ান্ত হয়। তবে পোপের নাম এখনো ঘোষণা করা হয়নি। গতকাল সিস্টিন চ্যাপেল চিমনি দিয়ে সাদা ধোঁয়া বের হওয়ার দৃশ্য দেখে সেন্ট পিটার্স স্কয়ারে অপেক্ষমাণ লোকজন উল্লসিত হয়ে ওঠেন। সেন্ট পিটার্স ব্যাসিলিকার ঘণ্টাটিও বেজে ওঠে। নতুন পোপ নির্বাচন করতে ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলে গতকাল সকাল থেকেই রুদ্ধদ্বার বৈঠক চালিয়ে যাচ্ছিলেন কার্ডিনালরা। এর আগে নির্বাচনের প্রথম দিন গত মঙ্গলবার চিমনি দিয়ে কালো ধোঁয়া বের হয়। নতুন পোপের জন্য প্রতীক্ষার অবসান না হওয়ায় সবাই তাকিয়ে ছিলেন ভ্যাটিকানের চিমনির দিকে। ওই দিন স্থানীয় সময় সন্ধ্যার দিকে চিমনি দিয়ে সাদা ধোঁয়া বের হতে দেখে বাইরে অপেক্ষমাণ অনেকেই উৎফুল্ল হয়ে ওঠেন। কিন্তু পরে কালো ধোঁয়া বুঝতে পেরে তাঁরা হতাশ হন।৮৫ বছর বয়সী পোপ ষোড়শ বেনেডিক্ট গত মাসে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তিনি আট বছর এ দায়িত্ব পালন করেন। ৬০০ বছরের মধ্যে বেনেডিক্টই প্রথম পোপ, যিনি পদত্যাগ করলেন।এবার ১১৫ জন কার্ডিনাল পোপ নির্বাচনে অংশ নিচ্ছেন। নতুন পোপ নির্বাচিত না হওয়া পর্যন্ত কার্ডিনালরা বাইরের সঙ্গে সব ধরনের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন থাকবেন। এ সময়ে তাঁরা সেখানে থাকবেন, খাবেন ও ভোট দেবেন।নতুন পোপ হবেন রোমান ক্যাথলিকদের ২৬৬তম পোপ। পোপ নির্বাচিত হওয়ার পর তিনি বিশ্বে কী নামে পরিচিত হতে চান, তা নিজেই ঠিক করবেন। এএফপি ও বিবিসি।