অবশেষে মিসরের নতুন মন্ত্রিসভা শপথ নিচ্ছে
ব্যুরোক্রেট, টেকনোক্রেট ও ইসলামপন্থীদের সমন্বয়ে গঠিত হচ্ছে মিসরের নতুন মন্ত্রিসভা। তবে এতে প্রাধান্য থাকছে টেকনোক্রেটদের। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে গত বুধবার প্রকাশিত আংশিক তালিকায় এই আভাস পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার পুরো মন্ত্রিসভার তালিকা দাপ্তরিকভাবে প্রকাশ এবং প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির হাতে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের কথা।মিসরের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বিদায়ী পানিসম্পদমন্ত্রী হিশাম কান্দিলের নাম আগেই ঘোষণা করেছিলেন গত জুন মাসে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া মুরসি। দেশটির গণমাধ্যমে বুধবার প্রকাশিত খবরে ইঙ্গিত মিলেছে, কান্দিলের মন্ত্রিসভার বেশির ভাগ সদস্যই হবেন টেকনোক্রেট। আগের মন্ত্রিসভার অন্তত দুজন এতে স্থান পাচ্ছেন। আর ইসলামপন্থী কয়েকজন থাকবেন এই মন্ত্রিসভায়। সাবেক সামরিক শাসক মোহাম্মদ হুসেইন তানতাওয়ি প্রতিরক্ষামন্ত্রী হচ্ছেন।মনোনীত প্রধানমন্ত্রী কান্দিল জানিয়েছেন, ‘যোগ্যতাই’ হবে নিয়োগ পাওয়ার জন্য একমাত্র মানদণ্ড। গত সপ্তাহে আলাপকালে তিনি দেশের অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জের ওপর আলোকপাত করে বলেন, চলতি কঠিন পরিস্থিতিতে মিসরের সব রাজনৈতিক শক্তি ও জনগণ তাঁদের সহায়তা করুক, এটাই তিনি চাইছেন।অবশ্য প্রধানমন্ত্রীর নাম ঘোষণা ও নতুন মন্ত্রিসভা গঠনে কালক্ষেপণ করায় প্রেসিডেন্ট মুরসি সমালোচনার মুখে পড়েন। এ ছাড়া তিনি প্রধানমন্ত্রী পদে কান্দিলের নাম ঘোষণা করায় অনেকেই বিস্মিত হন। তাঁদের প্রত্যাশা ছিল সুপরিচিত কোনো মুখকে এই পদে আনা হবে।বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ কামাল আমর এবং অর্থমন্ত্রী মুমতাজ আল-সাইদকে তাঁদের স্বপদে রাখা হতে পারে বলে জানিয়েছেন মনোনীত প্রধানমন্ত্রী কান্দিল। আর বর্তমান নিরাপত্তাবিষয়ক সহকারী স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল আহমেদ জামাল আল-দীনকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হচ্ছে।এ ছাড়া কর্মকর্তারা জানান, গণ-আন্দোলনে গত বছরের ফেব্রুয়ারিতে হোসনি মোবারকের পতনের পর দেশের ক্ষমতা গ্রহণকারী সর্বোচ্চ সেনা পরিষদ সুপ্রিম কাউন্সিল অব দি আর্মড ফোর্সেসের (স্কাফ) প্রধান ফিল্ড মার্শাল মোহাম্মদ হুসেইন তানতাওয়ি প্রতিরক্ষামন্ত্রী হবেন। জুন মাসে প্রেসিডেন্ট নির্বাচনের পর জারি করা অন্তর্বর্তী সাংবিধানিক ঘোষণার আলোকে তাঁকে এ পদে রাখা হচ্ছে।সব মিলিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমে এ পর্যন্ত মন্ত্রী হিসেবে যে ১৮ জনের নাম প্রচার করা হয়েছে, তার মধ্যে দুজন হচ্ছেন প্রেসিডেন্ট মুরসির মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস (এফজেপি) দলের নেতা। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাকালে শিক্ষানীতির দায়িত্বে থাকা মুস্তাফা মুসাদকে শিক্ষামন্ত্রী এবং এফজেপির গৃহায়ণবিষয়ক কমিটির প্রধান তারিক ওয়াফিককে গৃহায়ণমন্ত্রী করা হবে।ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের (আকাফ) দায়িত্ব পাচ্ছেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ওসামা আল-আবদ। অবশ্য এই পদটিতে কট্টর রক্ষণশীল সালাফির নেতা মোহাম্মদ ইউসরি ইব্রাহিমকে নিয়োগ দেওয়া হবে বলে জল্পনা-কল্পনা চলছিল। বিবিসি ও ওয়াশিংটন পোস্ট।