অবশেষে যুক্তরাষ্ট্র ছাড়তে হলো দেবযানীকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেবযানী খোবরাগাড়ে
দেবযানী খোবরাগাড়ে

অবশেষে গতকাল শুক্রবার দেশে ফিরেছেন নিউইয়র্কে নিযুক্ত ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ে। গতকাল রাতে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। প্রায় এক মাস ধরে চলা কূটনৈতিক টানাপোড়েনের পর কূটনৈতিক অব্যাহতি নিয়ে দেশে ফিরলেন তিনি। 
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভারতও নয়াদিল্লিতে মার্কিন দূতাবাসের দেবযানী সমমর্যাদার একজন কূটনীতিককে অবিলম্বে প্রত্যাহার করে নিতে বলেছে। 
এর আগে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের একটি আদালত দেবযানীর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ফৌজদারি অভিযোগ গঠন করে। আদালত ভিসা জালিয়াতি এবং ভুল তথ্য দেওয়ার জন্য দেবযানীর বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন। এরপর কূটনৈতিক ছাড় নিয়ে ওই দিনই দেশের উদ্দেশে যাত্রা করেন দেবযানী। 
গৃহকর্মীর ভিসা আবেদনে মজুরি নিয়ে মিথ্যা তথ্য দেওয়া এবং তাঁকে চুক্তি অনুযায়ী পারিশ্রমিক না দিয়ে বেশি কাজ করানোর অভিযোগে গত ১২ ডিসেম্বর নিউইয়র্কে ভারতীয় কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল দেবযানীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি জামিনে ছাড়া পান। ভারত দেবযানীর কূটনৈতিক দায়মুক্তি বা ছাড়ের দাবি পরিত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছিল। এরই প্রেক্ষাপটে মার্কিন ফেডারেল আদালতের গ্র্যান্ড জুরি দেবযানীর বিরুদ্ধে অভিযোগ গঠন এবং তাঁকে যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দেন।
বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তারা জানান, ইতিপূর্বে খোবরাগাড়েকে কনস্যুলেট থেকে সরিয়ে জাতিসংঘে দূত হিসেবে পাঠানোর ভারতীয় অনুরোধ গ্রহণ করেছিল যুক্তরাষ্ট্র। একজন কনস্যুলার কর্মকর্তা যতটুকু দায়মুক্তি অধিকার ভোগ করেন, এটি ছিল তার চেয়েও বেশি। তখন ওয়াশিংটন ভারত সরকারের কাছে দেবযানীর দায়মুক্তির দাবি প্রত্যাহারের অনুরোধ জানায়। কিন্তু ভারত তা প্রত্যাখ্যান করে। এর পরই যুক্তরাষ্ট্র তাঁকে দেশটি ছাড়ার অনুরোধ জানায়।
দেবযানীর যুক্তরাষ্ট্র ত্যাগের খবর প্রকাশের পর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন বলেন, ‘দেশের উদ্দেশে যুক্তরাষ্ট্র ত্যাগের সময়ও কাউন্সিলর খোবরাগাড়ে নিজেকে আবার নির্দোষ দাবি করেছেন।’
তবে যুক্তরাষ্ট্রের অভিযোক্তারা জানান, দেবযানীর বিরুদ্ধে আনীত অভিযোগ বহাল থাকবে এবং কূটনৈতিক ছাড় বাদে যুক্তরাষ্ট্রে ফিরলে বিচারের মুখোমুখি হতে হবে।
এর আগে দেবযানী বলেছিলেন, ‘অভিযোগ থেকে অব্যাহতি পেতে আমার যে কূটনৈতিক অধিকার আছে, সেটা আমি আদালতকে দেখাব। এর পরই আমি যুক্তরাষ্ট্র ত্যাগ করব।’ তবে আদালতে কূটনৈতিক অধিকারের বিষয়টি নিষ্পত্তির আগেই যুক্তরাষ্ট্র ছাড়তে হলো তাঁকে।
এদিকে দেবযানীকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশনা দেওয়ার পাল্টা পদক্ষেপ হিসেবে নয়াদিল্লির মার্কিন দূতাবাসের তাঁর সমমর্যাদার একজন কর্মকর্তাকে ভারত ত্যাগ করতে বলা হয়েছে। এ জন্য তাঁকে ৪৮ ঘণ্টার একটু বেশি সময় দেওয়া হয়েছে। ওই মার্কিন কর্মকর্তা দেবযানীর গ্রেপ্তার হওয়ার আগের ঘটনাপ্রবাহের সঙ্গে যুক্ত ছিলেন বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া তিনি ওই ভারতীয় কূটনীতিকের পরিচারিকা সংগীতা রিচার্ডের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার ব্যবস্থাও করে দিয়েছিলেন। 
দেবযানীর বিরুদ্ধে মার্কিন আদালতে দুটি অভিযোগ আনা হয়েছে। অভিযোগ দুটি হচ্ছে, ভারত থেকে নিয়ে যাওয়া নিজ গৃহকর্মী সংগীতা রিচার্ডের বেতনের ব্যাপারে ভুয়া তথ্য দেওয়া এবং ভিসা জালিয়াতি করা। গ্রেপ্তারকালে প্রকাশ্যে তাঁকে হাতকড়া পরানো হয়। সাধারণ অপরাধীদের মতো তাঁকে বিবস্ত্র করে তল্লাশিও করা হয়। তবে দেবযানী কোনো ধরনের অনিয়ম করার কথা অস্বীকার করেন। তাঁকে ‘হেনস্তা’ করার ঘটনায় ভারতজুড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যায়। নয়াদিল্লি যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা প্রার্থনার দাবি জানায়। কিন্তু ক্ষমা চাওয়া তো দূরের কথা, দেবযানীকে বিচারের মুখোমুখি করার ব্যাপারে অনড় থাকে যুক্তরাষ্ট্র। এর জের ধরে দুই দেশের সম্পর্কে ব্যাপক তিক্ততার সৃষ্টি হয়। দুই দেশের সম্পর্কের এতটাই অবনতি হয় যে, দেবযানীকে গ্রেপ্তারের ঘটনার পরপরই দিল্লি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেয়। নয়াদিল্লিতে মার্কিন দূতাবাসের চারপাশের নিরাপত্তা ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়। 
সর্বশেষ গত বুধবার সরকারের তরফ থেকে বলা হয়, দূতাবাস অঙ্গনে বাণিজ্যিক কর্মকাণ্ড বন্ধ করতে হবে। এ ছাড়া যানবাহন চলাচলসংক্রান্ত বিধি অমান্য করলে দূতাবাসের গাড়িগুলোকেও শাস্তির সম্মুখীন হতে হবে। পাশাপাশি মার্কিন দূতাবাস প্রাঙ্গণে অবস্থিত ক্লাব বন্ধের নির্দেশ দেওয়া হয়। ওই ক্লাবের মধ্যে আছে রেস্তোরাঁ, সুইমিংপুল ও টেনিস কোর্ট। বিবিসি, এএফপি ও পিটিআই।