অবশেষে যুক্তরাষ্ট্রে 'সমঝোতা'

যুক্তরাষ্ট্র সরকারের কর্মকাণ্ড চালু ও ঋণসীমা বাড়ানোর বিষয়ে অবশেষে সমঝোতায় পৌঁছেছে দেশটির কংগ্রেস।
গতকাল বুধবার কংগ্রেসে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের ভোটাভুটিতে এ-সংক্রান্ত একটি সমঝোতা বিল পাস হয়েছে। আজ বৃহস্পতিবার বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
খবরে বলা হয়, গতকাল কংগ্রেসে ৮১-১৮ ভোটে সমঝোতা বিলটি পাস হয়। বিলটি পাসের ফলে যুক্তরাষ্ট্রের ঋণসীমা ১০ দশমিক ৫ ট্রিলিয়ন থেকে বেড়ে ১৬ দশমিক ৭ ট্রিলিয়ন করা হয়েছে।
দীর্ঘ আলোচনা ও তর্ক-বিতর্কের পর বিরোধী দল রিপাবলিকান পার্টির সদস্যরা শেষমেশ ঋণসীমা বাড়ানোর প্রস্তাবে সায় দিয়েছেন। এর মাধ্যমে ঋণখেলাপি হওয়ার হাত থেকে সাময়িক রেহাই পেল যুক্তরাষ্ট্র। তবে এটি কোনো চিরস্থায়ী সমাধান নয়। ঋণসীমা বাড়ানোর ফলে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত খরচ বাড়ানোর তহবিল পাবে যুক্তরাষ্ট্র সরকার। এ ছাড়া ৭ ফেব্রুয়ারি পর্যন্ত তুলনামূলক বেশি হারে যুক্তরাষ্ট্র ঋণ নিতে পারবে। তবে এ সময়ের মধ্যে সরকার ও বিরোধী দল সমঝোতায় পৌঁছাতে না পারলে আবারও ঋণ খেলাপের ঘেরাটোপে পড়তে পারে দেশটি।
হোয়াইট হাউস জানায়, বিলটি পাসের ফলে আজ থেকে সরকারি কর্মচারীরা নিজ নিজ কাজে ফিরতে পারবেন।