অবশেষে ২০ হাজার কোটি রুপির মালিক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহারাজা বাবার সম্পত্তির উত্তরাধিকারী হয়েও অনেক বছর বঞ্চিত ছিলেন তাঁরা। অবশেষে আদালতের নির্দেশে ফিরে পেয়েছেন মালিকানা। আর এ সম্পত্তির পরিমাণ যেমন-তেমন নয়, তার দাম পাক্কা ২০ হাজার কোটি রুপি! 

এই দুই সৌভাগ্যবান হলেন ভারতের পাঞ্জাব রাজ্যের ফরিদকোটের সাবেক মহারাজা হরিন্দার সিং ব্রারের মেয়ে অমৃতা কাউর ও দীপিন্দার কাউর।

আজ রোববার আইএএনএসের এক খবরে এ কথা বলা হয়েছে। চন্ডিগড়ের এক আদালত ওই সম্পত্তি আত্মসাত্ করতে একদল মতলববাজের সৃষ্ট ৩২ বছরের পুরোনো এক উইলকে বৃহস্পতিবার জাল ও অবৈধ ঘোষণা করেছেন। পাশাপাশি নির্দেশ দেন, সম্পত্তির মালিকানা দুই বোনকে ফিরিয়ে দিতে।

অমৃতা ও দীপিন্দার ফিরে পাওয়া সম্পত্তির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নয়াদিল্লির কোপার্নিকাস মার্গের প্রাসাদোপম ‘ফরিদকোট হাউস’, ফরিদকোট জেলায় একটি রাজকীয় প্রাসাদ ও একটি দুর্গ, চন্ডিগড়ের মনি মজরা এলাকায় একটি দুর্গ, কয়েকটি ব্যক্তিগত গাড়ি (একটি রোলস রয়েসসহ), ফরিদকোটে ২০০ একর জমি, হায়দরাবাদ ও দিল্লিতে অন্যান্য সম্পত্তি, প্রায় হাজার কোটি রুপির স্বর্ণ ও অলংকার।

রিয়েল এস্টেট বিশেষজ্ঞ ও হিসাবরক্ষকদের মতে, আজকের বাজারে এসব সম্পত্তির মূল্য ২০ হাজার কোটি রুপিরও বেশি।

সম্পত্তির মালিকানা নিয়ে আইনি লড়াই শুরু হয়েছিল ১৯৯২ সালে। ২১ বছর আইনি লড়াইয়ের পর বৃহস্পতিবার আদালত আদেশে বলেন, ১৯৮১ সালে তৈরি একটি উইল জাল।

মহারাজার তিন মেয়ের মধ্যে ছোট মেয়ে মহিপিন্দার রহস্যজনকভাবে ২০০১ সালে মারা যান। ১৯৮১ সালে সড়ক দুর্ঘটনায় মারা যান একমাত্র ছেলে হারমহিন্দার। ছেলের মৃত্যুশোকে মহারাজার পাগলপ্রায় অবস্থার সুযোগ নিয়ে তাঁর কিছু কর্মচারী ও পরিচালক ওই জাল উইল তৈরি করেন। ১৯৮২ সালে ওই সম্পত্তি নিয়ে প্রতিষ্ঠা করা হয় মেহারওয়াল খেওয়াজি ট্রাস্ট। ১৯৮৯ সালে মারা যান মহারাজা হরিন্দার সিং।