অবশেষে ২০ হাজার কোটি রুপির সম্পত্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরিন্দার সিং
হরিন্দার সিং

মহারাজা বাবার সম্পত্তির উত্তরাধিকারী হয়েও অনেক বছর বঞ্চিত ছিলেন তাঁরা। অবশেষে আদালতের নির্দেশে ফিরে পেতে যাচ্ছেন মালিকানা। আর এ সম্পত্তির দাম ২০ হাজার কোটি রুপি! এই দুই সৌভাগ্যবান হলেন ভারতের পাঞ্জাব রাজ্যের ফরিদকোটের সাবেক মহারাজা হরিন্দার সিং ব্রারের মেয়ে অমৃতা কাউর ও দীপিন্দার কাউর। চন্ডীগড়ের এক আদালত ৩২ বছরের পুরোনো এক উইলকে বৃহস্পতিবার জাল ও অবৈধ ঘোষণা করেছেন। পাশাপাশি নির্দেশ দেন, সম্পত্তির মালিকানা দুই বোনকে ফিরিয়ে দিতে। এ সম্পত্তির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নয়াদিল্লির কোপার্নিকাস মার্গের প্রাসাদোপম ‘ফরিদকোট হাউস’, ফরিদকোট জেলায় একটি রাজকীয় প্রাসাদ ও একটি দুর্গ, ফরিদকোটে ২০০ একর জমি ও প্রায় হাজার কোটি রুপির স্বর্ণ ও অলংকার। সম্পত্তির মালিকানা নিয়ে আইনি লড়াই শুরু হয়েছিল ১৯৯২ সালে। ১৯৮১ সালে সড়ক দুর্ঘটনায় মারা যান মহারাজার একমাত্র ছেলে হারমহিন্দার। ছেলের মৃত্যুশোকে মহারাজার পাগলপ্রায় অবস্থার সুযোগ নিয়ে তাঁর কিছু কর্মকর্তা ও পরিচালক ওই জাল উইল তৈরি করেন। ১৯৮২ সালে ওই সম্পত্তি নিয়ে প্রতিষ্ঠা করা হয় মেহারওয়াল খেওয়াজি ট্রাস্ট। ১৯৮৯ সালে মারা যান মহারাজা হরিন্দার সিং। আইএএনএস।