অবশেষে ‘নগ্নপদের ডাকাত’ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান চুরি করেছেন চার-পাঁচটি হবে। গাড়ি বা স্পিডবোট কতটি চুরি করেছেন, হিসাব নেই। সব মিলিয়ে ৫০টিরও বেশি। যুক্তরাষ্ট্র ও কানাডাই হচ্ছে তাঁর চুরির প্রধান ক্ষেত্র।বয়স যখন ১২ বছর, তখনই চুরিবিদ্যায় হাতেখড়ি। কখনো বিমান চালনার প্রশিক্ষণ নেননি। কিন্তু অবলীলায় চুরি করেছেন সেই বিমান। রাস্তাঘাট থেকে গাড়ি নিয়ে চোখের পলকে হয়েছেন হাওয়া। স্পিডবোট নিয়ে সটকে পড়েছেন দূরে কোথাও।কুখ্যাত এই চোরের নাম কল্টোন হ্যারিস মুর। যুক্তরাষ্ট্রের বাসিন্দা। বয়স মাত্র ১৯ বছর। তাক লাগিয়ে দিয়েছেন মার্কিন মুলুকে। এত্তটুকুন বয়সে এত বড় চোর! তাও বড় বড় নিরাপত্তা সংস্থার নাকের ডগায়!চারদিকে শোরগোল তুলে ফেললেন মার্কিন কর্তারা। ধরো ব্যাটা মুরকে। যত অর্থ লাগে দেওয়া হবে। এফবিআই ঘোষণা করল ১০ হাজার ডলারের পুরস্কার। এই চোরকে যে করেই হোক, ধরা চাই।অবশেষে বাহামা দ্বীপপুঞ্জ কর্তৃপক্ষের হাতে ধরা পড়লেন মুর। গত রোববার বাহামার রমোরা উপকূল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। স্পিডবোটে তাড়া করে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।চুরি যাওয়া একটি বিমানের ধ্বংসাবশেষ পাওয়ার সাত দিনের মাথায় মুর গ্রেপ্তার হলেন। গ্রেপ্তার হওয়ার আগে তিনি তাঁর ল্যাপটপ ও মুঠোফোন পানিতে ছুড়ে মারেন। পুলিশের হাতে ধরা পড়ার আগে তিনি মাথায় পিস্তল ঠেকিয়ে বলেন, ‘আমি নিজেই নিজেকে শেষ করে দেব।’ তবে পুলিশ কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।মুরকে আজ মঙ্গলবার বাহামা দ্বীপপুঞ্জের আদালতে হাজির করা হবে। তাঁর বিরুদ্ধে দুটি অপরাধের অভিযোগ আনা হতে পারে। এসব অভিযোগ প্রমাণিত হলে তাঁর সাত থেকে ১৫ বছরের সাজা হতে পারে।মুরের বিরুদ্ধে ২০০৮ সালে সানসুয়ান দ্বীপে দুটি বিমান চুরির অভিযোগ রয়েছে। ২০০৯ সালে ক্যাসকেড পাহাড়ি এলাকায় আরও একটি বিমান চুরির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। মুর আরেকটি পরিচয়ে সবার কাছে পরিচিত; তা হলো, নগ্নপদের ডাকাত। তিনি জীবনে যত অপরাধ করেছেন, তার কোনোটির সময়েই পায়ে জুতা ছিল না। পুলিশ মুরের পদচিহ্ন খুঁজে খুঁজেই তাঁর নাগাল পায়। এএফপি।