অবসরকালীন ভাতা কাটছাঁটের প্রতিবাদে গ্রিসে আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিসের পার্লামেন্টের সামনে অবসরপ্রাপ্ত এক ব্যক্তি গুলিতে আত্মহত্যার পর রাজধানী এথেন্সে বিক্ষোভ হয়েছে। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়।গত বুধবার সকালে শহরের ব্যস্ততম এলাকা সিনতাগমা স্কয়ারে নিজের গুলিতে আত্মহত্যা করেন ৭৭ বছর বয়সী ওই ব্যক্তি।স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, আত্মহত্যার আগে তিনি একটি চিরকুট লিখে রেখে গেছেন। এতে তিনি বলেন, সরকার অবসরকালীন ভাতা কাটছাঁট করায় তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন।এ ঘটনার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় কয়েক শ বিক্ষোভকারী সিনতাগমা স্কয়ারে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় পুলিশকে লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়া হলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। জবাবে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।গ্রিসের সরকার সেবামূলক খাতে ব্যয় হ্রাসের পরিকল্পনা বাস্তবায়ন শুরু করলে মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে কয়েকটি আত্মহত্যার ঘটনাও ঘটেছে।আত্মহত্যাকারী ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে গণমাধ্যম জানিয়েছে, তাঁর নাম দিমিত্রিস ক্রিস্টোলাস। তিনি একজন অবসরপ্রাপ্ত রসায়নবিদ। তিনি তাঁর ওষুধের দোকানটি বিক্রি করে দেন ১৯৯৪ সালে। তিনি স্ত্রী ও এক মেয়ের বাবা ছিলেন।আত্মহত্যার স্থান থেকে পুলিশ দিমিত্রিস ক্রিস্টোলাসের একটি চিরকুট উদ্ধার করেছে। এতে তিনি লিখে গেছেন, ‘আমার টিকে থাকার সব অবলম্বন সরকার নিশ্চিহ্ন করে দিয়েছে। আমি ৩৫ বছর ধরে সরকারকে সেবা দিয়েছি, কিন্তু সরকার শেষ মুহূর্তে আমাকে কিছুই দিল না।’দিমিত্রিস ক্রিস্টোলাস আরও লিখেছেন, ‘আমার বয়স অনেক হয়েছে এবং দিনে দিনে আরও বাড়ছে। এখন আর আমি সেভাবে কিছু করতে পারব না। কাজেই জীবনের এই করুণ সমাপ্তি ছাড়া আমার আর কোনো পথ রইল না।’সিনতাগমা স্কয়ারের যে স্থানে দিমিত্রিস ক্রিস্টোলাস আত্মহত্যা করেন, সেখানে ফুল দিয়ে এবং শোকবার্তার চিরকুট রেখে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিক্ষোভকারীরা। ফুলের সঙ্গে আটকে দেওয়া চিরকুটে এক ব্যক্তি লিখেছেন, ‘যথেষ্ট হয়েছে।’ অপর একজন লিখেছেন, ‘দিমিত্রিসের পরে কে বলি হবেন?’দিমিত্রিস ক্রিস্টোলাসের মৃত্যুকে ‘মর্মান্তিক’ অভিহিত করে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী লুকাস পাপাদেমোস বলেন, ‘এই কঠিন সময়ে আমরা সবাই—রাষ্ট্র এবং জনগণ—আমাদের মধ্যকার হতাশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াব।’সরকারের মুখপাত্র পেন্টালিস কাপাসিস এই আত্মহত্যাকে ‘অমানবিক’ অভিহিত করেছেন। তবে তিনি বলেন, ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা এখনো পরিষ্কার নয়। বিবিসি।