প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের প্রিন্স হ্যারি (৩০) সামরিক বাহিনী থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। গতকাল মঙ্গলবার এ ঘোষণা দেওয়ার সময় এটাকে কঠিন সিদ্ধান্ত আখ্যা দেন হ্যারি। প্রিন্স অব ওয়েলস চার্লসের ছোট ছেলে হ্যারির এ ঘোষণায় অনেকেই বিস্মিত, কারণ সেনাবাহিনীতে কাজ করা ছিল তাঁর ছোটবেলার স্বপ্ন এবং দৃশ্যত তিনি এ দায়িত্বে তৃপ্ত ছিলেন। সামরিক বাহিনীতে ১০ বছরের কর্মজীবনে তিনি আফগানিস্তানে দুবার সম্মুখযুদ্ধে অংশ নিয়েছেন। আগামী এপ্রিল-মে মাসে তাঁর অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীতে চার সপ্তাহ বিশেষ দায়িত্ব পালনের কথা রয়েছে। এরপর সরকারি সফরে নিউজিল্যান্ড যাবেন। স্বেচ্ছাসেবী হিসেবে আফ্রিকায় সংরক্ষণমূলক কাজ এবং আহত ব্রিটিশ সেনাসদস্যদের পুনর্বাসন কর্মসূচিতে কাজ করবেন হ্যারি। পাশাপাশি খণ্ডকালীন ভিত্তিতে রাজকীয় দায়িত্বও পালন করবেন। এএফপি