অবসান ঘটল ‘মহাপ্রলয়’ উদ্বেগের
মার্কিন ধর্মতাত্ত্বিক হ্যারল্ড ক্যাম্পিংয়ের মতে, গতকাল শনিবার ছিল মহাপ্রলয়ের দিন। যিশু স্বর্গরাজ্যে তুলে নেবেন বিশ্বাসীদের, আর ধ্বংস করবেন অবিশ্বাসীদের। ক্যাম্পিংয়ের এই ভবিষ্যদ্বাণী বিশ্বাস করে অনেকে কাজকর্ম ছেড়ে ছুটেছিল আশ্রয়ের সন্ধানে অথবা ঈশ্বরের কাছে শেষবারের মতো ক্ষমাভিক্ষা করতে। আর অন্যদল ক্যাম্পিংকে হেসে উড়িয়ে দিয়েছে।ক্যাম্পিং বলেছিলেন, বাইবেলের বাণী বিশ্লেষণ করে তিনি দেখেছেন, বিশ্বের প্রতিটি অঞ্চলে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় শুরু হবে ধ্বংসলীলা। শুরু হবে বড় বড় ভূমিকম্প।ক্যাম্পিংয়ের ওই হিসাব অনুযায়ী, যে অঞ্চল দিয়ে এই মহাপ্রলয় শুরু হওয়ার কথা ছিল তার মধ্যে পড়ে নিউজিল্যান্ড। কিন্তু সন্ধ্যা ছয়টা পেরিয়ে গেলেও সেখানে কিছুই ঘটেনি। স্থানীয় গণমাধ্যমেও এ নিয়ে তেমন কোনো হইচই ছিল না।তবে ক্যাম্পিংয়ের দেশ যুক্তরাষ্ট্রের কিছু মানুষ মনে হয় ভড়কে গিয়েছিল। অনেকে তড়িঘড়ি করে কাজ শেষ করে অফিস থেকে বেরিয়ে আশ্রয় নেয় রাস্তায়-ফাঁকা জায়গায়। তারা আবার অন্যদেরও সতর্ক করতে থাকে—‘ভাই সময় থাকতে ঈশ্বরের কাছে একটু ক্ষমা চেয়ে নাও।’গ্রেগরি লেকর্পসের প্রস্তুতিটা আবার আরও একটু আগেভাগে। সপ্তাহ খানেক আগেই তিনি কাজ ছেড়ে স্ত্রী ও পাঁচ শিশুসন্তান নিয়ে বেরিয়ে পড়েছেন। সামনে যাকে পাচ্ছেন তাকেই বলছেন, ‘মশাই, দিন কিন্তু প্রায় ঘনিয়ে এসেছে।’ নিউইয়র্কের জার্নাল নিউজ লিখেছে তাঁর কথা। শনিবার সন্ধ্যার সময়টা তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে ক্যালিফোর্নিয়া সমুদ্র সৈকতে থাকবেন বলে জানান।ক্যাম্পিংয়ের মত অনুযায়ী, ধ্বংসযজ্ঞের তালিকার প্রথম দিককার দেশগুলোর একটি অস্ট্রেলিয়া। সেখানেও কোনো রকম অঘটন ছাড়া সময়টা ঠিকঠাক পার হয়ে যায়।অস্ট্রেলিয়ার ধর্মতাত্ত্বিক ইয়ান প্যাকার বলেন, ‘ক্যাম্পিংয়ের ওই ভবিষ্যদ্বাণীকে মানুষ মোটেই গুরুত্ব দেয়নি, বরং তা মানুষের কাছে ঠাট্টা-তামাশার বিষয় বলেই মনে হয়েছে।’তবে ভিয়েতনামে ঘটেছে আবার ভিন্ন ঘটনা। মহাপ্রলয়ের খবর গণমাধ্যমে পাওয়ার পর কয়েক সপ্তাহ আগেই উত্তর-পূর্বাঞ্চলের দিয়েন বিয়েন প্রদেশের হাজার হাজার আদিবাসী বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছে জঙ্গলে। এএফপি।