অবস্থান শক্তিশালী হচ্ছে রমনির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনির অবস্থান শক্তিশালী হচ্ছে। সাম্প্রতিক কয়েকটি জনমত জরিপে এই ফল পাওয়া গেছে। আগামী ৬ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে রমনির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বারাক ওবামা।শিকাগোভিত্তিক জরিপকারী প্রতিষ্ঠান রিয়াল ক্লিয়ার পলিটিক্সের গত মঙ্গলবার প্রকাশিত জরিপের ফলে দেখা যায়, ওবামার চেয়ে রমনি শূন্য দশমিক ৭ শতাংশ এগিয়ে আছেন। রিপাবলিকান প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণার পর রিয়াল ক্লিয়ার পলিটিক্সের জরিপে এই প্রথমবারের মতো ওবামার চেয়ে এগিয়ে গেলেন রমনি।আন্তর্জাতিক জরিপকারী প্রতিষ্ঠান গ্যালাপের জরিপে রমনির প্রতি তাঁর প্রতিদ্বন্দ্বী ওবামার চেয়ে ২ শতাংশ সমর্থন বেশি রয়েছে। গত মঙ্গলবার এই ফল প্রকাশ করা হয়। এতে রমনির পক্ষে ৪৯ শতাংশ ও ওবামার পক্ষে ৪৭ শতাংশ জনসমর্থন রয়েছে।ওবামা ও রমনির জনসমর্থনের সবচেয়ে বড় পার্থক্য দেখা গেছে, পিউ রিসার্চ সেন্টারের জরিপে। এতে রমনি প্রেসিডেন্ট ওবামার চেয়ে ৪ শতাংশ এগিয়ে আছেন।বার্তা সংস্থা রয়টার্স ও প্যারিসভিত্তিক জনমত জরিপকারী প্রতিষ্ঠান আইপিএসওএসের জরিপেও ওবামার বিপরীতে রমনির অবস্থান শক্তিশালী হওয়ার ইঙ্গিত মিলেছে। গত মঙ্গলবার প্রকাশিত ওই জরিপে দেখা যায়, রমনির প্রতি ৪৫ শতাংশ জনসমর্থন রয়েছে। ওবামার পক্ষেও রয়েছে ৪৫ শতাংশ। কিন্তু গত মাসের শেষের দিকেও রয়টার্স এবং আইপিএসওএসের জরিপে রমনির চেয়ে এগিয়ে ছিলেন ওবামা। এখন দুজনের জনসমর্থন সমানে সমান।বিশ্লেষকেরা বলছেন, একসঙ্গে এতগুলো জরিপে ওবামার চেয়ে রমনির এগিয়ে থাকার ঘটনা এটাই প্রথম। বিশ্লেষকদের মতে, গত সপ্তাহে বিতর্কের পর থেকেই রমনির অবস্থান শক্তিশালী হতে শুরু করেছে। আইপিএসওএসের জনমত যাচাইকারী ক্লিফ ইয়াং জানান, গত সপ্তাহে সরাসরি বিতর্কে ওবামার চেয়ে ভালো করেছেন রমনি। আর এটাই তাঁকে ওবামার সঙ্গে জনসমর্থনের ব্যবধান কমাতে সাহায্য করেছে। ইয়াংয়ের এই কথা যেন স্বীকারও করছে ডেমোক্র্যাটরা। ওবামার নির্বাচনী প্রচারাভিযানের কর্মকর্তা মাইক পোডোজার বলেন, গত সপ্তাহের বিতর্কে রমনি ভালো করেছেন—এটা অস্বীকার করা যাবে না। জরিপে এরই প্রতিফলন ঘটছে। তাঁর প্রতি জনগণের আস্থা বাড়ছে। এএফপি, রয়টার্স, নিউইয়র্ক টাইমস।